পশ্চিমবঙ্গের সাবেক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ গ্রেপ্তার

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আরেকজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে কলকাতার ফুলবাগান থেকে সাবেক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, কোচবিহারের পুলিশ ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাকে আটক করে ফুলবাগান থানায় নিয়ে যায়। বুধবার কোচবিহারের দিনহাটায় নিয়ে যাওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সূত্রের খবর, ২০২১ সালের ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি কাটমানি নেয়া এবং প্রতারণারও অভিযোগ রয়েছে।

সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে কোচবিহারের দিনহাটায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন উদয়ন। কিন্তু ভোটে হেরে যান তিনি। দিনহাটার একটি সূত্রের দাবি, রাজ্যে পালাবদলের পর থেকেই তাকে এলাকায় তেমন দেখা যাচ্ছিল না। পুলিশ জানতে পারে, নির্বাচনের পর থেকেই উদয়ন গুহ ফুলবাগানের ফ্ল্যাটে থাকা শুরু করেছিলেন। এই তথ্য পাওয়ার পরেই গোপনীয়তা বজায় রেখে কলকাতায় এসে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

তবে উদয়ন গুহ দাবি করেন, যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সেই মামলায় আগাম জামিন নেয়া রয়েছে তার। পুলিশ অনৈতিকভাবে তাকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন তিনি। উদয়ন গুহকে নিয়ে তিনজন সাবেক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সপ্তাহেই ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগে পুরসভার নিয়োগ দুর্নীতির অভিযোগে এনফোসর্মেসন্ট ডিরেক্টোরেট ইডি গ্রেপ্তার করে সাবেক দমকল মন্ত্রী সুজিত বসুকে। এই দুজন কারাগারে রয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন