তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার এবং দেশনায়ক তারেক রহমানের সরকার বাংলাদেশে এই তিন সরকারের যে আলাদা একটা বৈশিষ্ট্য ও আদর্শ রয়েছে, আমাদের বর্তমান ক্ষমতার আমলে তা সাধারণ মানুষের কাছে প্রমাণ করতে হবে। অতীতের ইতিহাস দেখলেই বোঝা যায় বাকি সব সরকাররা ক্ষমতার লোভ সামলাতে না পেরে পালিয়ে যায়, ইতিহাসে হারিয়ে যায়। কিন্তু বিএনপি’র সরকার, শহীদ জিয়াউর রহমানের সরকার, জাতীয়তাবাদের সরকার ও জিয়া পরিবারের সরকার কখনো হারিয়ে যায় না, জনগণের ভালোবাসায় বারবার ফিরে আসে।
শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নলচিড়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস সাত্তার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. জুয়েল সরদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দলের স্থানীয় বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম উল্লেখ করে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, আমি দলের এই নেতাদের প্রতি কঠোরভাবে দায়িত্ব দিয়ে রাখলাম, ক্ষমতাসীন দলের নামে অথবা আমার নিজের নাম ভাঙিয়ে কোনো প্রকার অপরাধ যেন এখানে কেউ করতে না পারে। মন্ত্রী বলেন, আমাদের দলের এই নেতাদের মধ্যে থেকেও যদি কেউ কোনো অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে সুনির্দিষ্ট প্রমাণসহ আপনারা সরাসরি আমার কাছে হাজির করবেন। আমি ইনশাআল্লাহ্ তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেবো।
