পর্যটন শিল্পের বিকাশে সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট

পর্যটন শিল্পের বিকাশে সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট

ফন্ট সাইজ:

বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস এসোসিয়েশনের (বোটোয়া) আয়োজনে আগামী ৩রা সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬। আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশের শক্তিশালী অবস্থান গড়ে তুলতে এবং বৈশ্বিক পর্যটন শিল্পের সঙ্গে বাংলাদেশের সংযোগ জোরদার করার লক্ষ্যেই প্রথমবারের মতো এ ট্রাভেল মার্টের আয়োজন। ট্রাভেল মার্টে স্বাগতিক বাংলাদেশসহ ২০ টি দেশের ১৩০+ এক্সিবিউটর, শতাধিক ট্যুরিজম স্টেকহোল্ডার ও ১৫,০০০ দর্শনার্থী উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে।
শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ। সংবাদ সম্মেলনে ট্রাভেল মার্টে আয়োজনের নানা দিক তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. মহসিন ইকবাল, সহ-সভাপতি এ কে এম কামরুজ্জামান এবং বোটোয়ার পরিচালকবৃন্দ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস এসোসিয়েশন -বোটোয়া'র সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, বাংলাদেশের পর্যটন শিল্প বর্তমানে সম্ভাবনার এক নতুন দিগন্তে প্রবেশ করেছে। সরকারের নীতিগত সহায়তা, বেসরকারি খাতের বিনিয়োগ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির ফলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় পর্যটন গন্তব্য হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এবং আন্তরিক আতিথেয়তা আন্তর্জাতিক পর্যটকদের কাছে বাংলাদেশকে ক্রমেই আরও আকর্ষণীয় করে তুলছে। এই সম্ভাবনাকে বৈশ্বিক পর্যায়ে আরও সুসংগঠিতভাবে উপস্থাপন এবং আন্তর্জাতিক পর্যটন শিল্পের সঙ্গে বাংলাদেশের সংযোগ জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস এসোসিয়েশন -বোটোয়া প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট-বিটিএম । আগামী ৩–৫ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশের পর্যটন, ভ্রমণ ও এভিয়েশন শিল্পের বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, বোটোয়া মূলত দেশের আউটবাউন্ড পর্যটন শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন, একই সঙ্গে সংস্থাটি বাংলাদেশের ইনবাউন্ড পর্যটনের সম্প্রসারণ, আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ, পর্যটন বিনিয়োগ বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
ট্রাভেল মার্টের চিফ কো-অর্ডিনেটর মহসীন ইকবাল বলেন, বাংলাদেশ ট্রাভেল মার্ট-বিটিএম ২০২৬ সেই বৃহত্তর ভিশনেরই বাস্তব প্রতিফলন। এই আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, এয়ারলাইন্স, হোটেল, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি), ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি এবং আন্তর্জাতিক ক্রেতা–বিক্রেতাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে, যা বাংলাদেশের পর্যটন শিল্পকে বৈশ্বিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ট্রাভেল মার্টে প্রথমবারের মতো বিজনেস-টু-বিজনেস (বিটুবি) এবং বিজনেস-টু-কনজ্যুমার (বিটুসি) কার্যক্রম পৃথক দুটি প্রদর্শনী হলে অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের ট্রাভেল ফেয়ারের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক হোস্টেড বায়ার প্রোগ্রাম আয়োজন করা হবে, যার মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতা ও প্রদর্শকদের মধ্যে নির্ধারিত ব্যবসায়িক বৈঠকের ব্যবস্থা থাকবে।

আয়োজকদের মতে, বিটুবি কার্যক্রমে আন্তর্জাতিক বায়ার-সেলার মিটিং, বিজনেস নেটওয়ার্কিং ও অংশীদারত্ব নিয়ে আলোচনা হবে। এর মাধ্যমে পর্যটন, হসপিটালিটি ও এভিয়েশন খাতে নতুন বিনিয়োগ, বাজার সম্প্রসারণ, সীমান্ত-অতিক্রমী পর্যটন সহযোগিতা ও আন্তর্জাতিক ব্যবসায়িক সুযোগ সৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে, বিটুসি প্ল্যাটফর্মে দর্শনার্থীরা দেশি-বিদেশি ভ্রমণ প্যাকেজ, বিমান টিকিট, হোটেল বুকিং, ভিসা সেবা, বিভিন্ন গন্তব্য-সংক্রান্ত তথ্য ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বিশেষ ভ্রমণ অফার সম্পর্কে সরাসরি জানতে ও সেবা নিতে পারবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন