এআই, টেকসই উন্নয়ন ও প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে সম্মেলন করছে বায়লা

এআই, টেকসই উন্নয়ন ও প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে সম্মেলন করছে বায়লা

ফন্ট সাইজ:

বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও প্রতিযোগিতামূলক করে তুলতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্স (বায়লা)। আগামী ২০ ও ২১ জুলাই রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে ‘বায়লা ফিউচার সামিট ২০২৬’।
শনিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা। ‘থিংক বিয়ন্ড টুডে’ প্রতিপাদ্যের এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্ডাস্ট্রি ৪.০, টেকসই উন্নয়ন, পরিবেশ–সামাজিক ও সুশাসন (ইএসজি), অর্থায়ন, প্রাথমিক শেয়ার ছাড়ার (আইপিও) প্রস্তুতি, উদ্যোক্তা উন্নয়ন, নীতিগত সংস্কার, বৈশ্বিক সোর্সিং প্রবণতা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণসহ পোশাকশিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।

আয়োজকেরা জানান, সম্মেলনে দেশ-বিদেশের ১ হাজার ৫০০-এর বেশি অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। তাদের মধ্যে থাকবেন ৫০০-এর বেশি প্রধান নির্বাহী ও শীর্ষ করপোরেট কর্মকর্তা এবং ২০-এর বেশি দেশি-বিদেশি বক্তা।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান, সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাশরুর আরেফিন, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ, লঙ্কাবাংলা সিকিউরিটিজের সিইও নুজহাত আনোয়ার, ডেটা বার্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসনাইন রিজভী রহমান, জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের প্রোগ্রাম ম্যানেজার লিসা রামারসহোভেন এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। তারা আগামী দশকে বাংলাদেশের পোশাকশিল্পের সম্ভাবনা, প্রতিযোগিতা সক্ষমতা ও নীতিগত চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য দেবেন।

সম্মেলনের অন্যতম আকর্ষণ হবে ‘বায়লা ফিউচার লিডার্স ২০২৬’, একটি দেশব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় কেস প্রতিযোগিতা। এর মাধ্যমে শিক্ষার্থীরা পোশাক ও বস্ত্রশিল্পের বাস্তব সমস্যার সমাধান নিয়ে কাজ করবেন। প্রাথমিকভাবে নির্বাচিত দলগুলো সম্মেলনের চূড়ান্ত পর্বে শিল্পের শীর্ষ ব্যক্তিদের সামনে তাদের উদ্ভাবনী সমাধান উপস্থাপন করবে।
সংবাদ সম্মেলনে বায়লার সভাপতি আবরার হোসেন সায়েম বলেন, উৎপাদনকেন্দ্র হিসেবে বাংলাদেশ বিশ্বে শক্ত অবস্থান তৈরি করেছে। এখন উদ্ভাবন, দক্ষ নেতৃত্ব এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক নেতৃত্বের পর্যায়ে পৌঁছানোই দেশের পরবর্তী লক্ষ্য। আর সে জন্য আগামী দিনের নেতৃত্ব তৈরিতে এখনই বিনিয়োগ করতে হবে।

বায়লার প্রথম সহসভাপতি ও সম্মেলনের ইভেন্ট পরিচালক হাসিন আরমান আয়ন বলেন, এই সম্মেলন ব্যবসায়িক নেতা, নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং তরুণ পেশাজীবীদের মধ্যে সংযোগ তৈরি করবে। তাদের অভিজ্ঞতা ও মতবিনিময় থেকে ভবিষ্যৎ উপযোগী পোশাকশিল্প গড়ে তুলতে বাস্তবসম্মত সমাধান বেরিয়ে আসবে।সম্মেলনের টাইটেল স্পনসর হিসেবে রয়েছে হুয়াওয়ে। আর পাওয়ারিং পার্টনার হিসেবে রয়েছে এনভয় লেগেসি, এঅ্যান্ডই (আমেরিকান অ্যান্ড এফার্ড) বাংলাদেশ লিমিটেড, সানরাইজ ঝেজিয়াং রিসান ইন্টেলিজেন্ট টেকনোলজি কোম্পানি লিমিটেড এবং ট্রান্সকম।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন