২৬ বছরেও হয়নি জলাবদ্ধতার সমাধান

২৬ বছরেও হয়নি জলাবদ্ধতার সমাধান

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ফুলপুরে ২৬ বছরেও সম্ভব হয়নি পৌরসভার দু’টি বিলের জলাবদ্ধতার সমাধান। দুই যুগেরও বেশি সময় ধরে ফুলপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের ভুইদ্দা বুড়ি ও কুন্দা বুড়ি নামক বিলের পানি নিষ্কাশন ব্যবস্থার সমাধান না হওয়ায় চরম দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ। জানা যায়, বিল দু’টির জলাবদ্ধতা সমাধানের জন্য বিগত ৭ বছর পূর্বে ২০২০ সালে ড্রেনেজ ব্যবস্থার পদক্ষেপ নিয়েছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র মি. শশধর সেনসহ স্থানীয়রা।

তারই ধারাবাহিকতায় পরবর্তীতে ২০২৩ সালে বিলগুলোর পানি নিষ্কাশনের লক্ষ্যে মাটি কেটে ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন সাবেক উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। কিন্তু পরবর্তীতে অদৃশ্য কারণে ড্রেনেজ নির্মাণ কাজটি আর সম্পন্ন হয়নি। ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পড়ছেন পৌরসভার আমুয়াকান্দা গ্রামের বিল সংলগ্ন লেদু সরকার বাড়ি, বাগান বাড়ি মহল্লা ও কাড়াহা গ্রামের হাজারো মানুষ।

আষাঢ়-শ্রাবণ মাস এলেই বর্ষার পানিতে তলিয়ে যায় বিল সংলগ্ন অসংখ্য ধানের ক্ষেত, ফিশারির পাড় ও স্থানীয় রাস্তাঘাট। দেখা দেয় বিশুদ্ধ পানি ও খাবার সংকটসহ নানান সমস্যা। তাই দুর্ভোগ পরিত্রাণের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন দুই গ্রামের মানুষ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন