নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের ৩ দিন পর আব্দুল্লাহ নামে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার কামারিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের এনামুল হকের ছেলে আব্দুল্লাহ গত ৮ই জুলাই বুধবার সকাল ৯টার দিকে নিখোঁজ হয়। পরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির পরিবার।

জিডির পর পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা সম্ভাব্য বিভিন্নস্থানে তল্লাশি চালিয়েও শিশুটির সন্ধান পায়নি। শনিবার সকাল ১০টার দিকে প্রতিবেশী আনোয়ার শিশুটির বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরের একটি খালে মাছ ধরতে গেলে খালের পাড়ে শিশুটির মরদেহ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে। শিশুটির বাবা এনামুল হক অভিযোগ করেন, তার বড় ভাইয়ের মেয়ের জামাই একই গ্রামের রমজান মিয়ার সঙ্গে তাদের পারিবারিক বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে রমজানের স্ত্রী শিশুসন্তানসহ দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে অবস্থান করছিলেন।

তার দাবি, রমজান ভুলবশত অন্য কাউকে দিয়ে তার ছেলেকে অপহরণ করে হত্যা করতে পারে। ঘটনাস্থল পরিদর্শন শেষে ফুলপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন