উপকেন্দ্রে লাগা আগুনে দুপুর থেকে বিদ্যুৎহীন রাজধানীর একাংশ

উপকেন্দ্রে লাগা আগুনে দুপুর থেকে বিদ্যুৎহীন রাজধানীর একাংশ

ফন্ট সাইজ:

রাজধানীর মগবাজারে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার ঘটনায় আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। আজ দুপুরে খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার ফলে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, মগবাজার, নিউ ইস্কাটন, কাকরাইল এবং শেরেবাংলা নগর এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। পরে বিকল্প ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা হলেও সন্ধ্যা পর্যন্ত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও কারওয়ান বাজার এলাকার প্রায় ১৫ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) প্রধান প্রকৌশলী মোহাম্মদ তারিকুল হক গণমাধ্যমেকে বলেন, মগবাজার উপকেন্দ্রে ‘ফ্ল্যাশিং’ হওয়ার পর দুটি ব্রেকার এবং কয়েকটি কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ঘটনার পরপরই তেজগাঁও এলাকার প্রায় ৪০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে বিকল্প ব্যবস্থায় দ্রুত অধিকাংশ গ্রাহকের সংযোগ পুনরায় চালু করা সম্ভব হয়েছে। একইভাবে বাংলামোটর এলাকার তিনটি ফিডারের আওতায় থাকা আনুমানিক ১৫ থেকে ১৬ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহও সাময়িকভাবে বন্ধ ছিল।

ডিপিডিসির প্রধান প্রকৌশলী জানান, ক্ষতিগ্রস্ত ব্রেকার ও কেবল মেরামতের কাজ চলছে। পরিস্থিতি অনুকূলে থাকলে রাত ১০টার মধ্যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন