সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে যুবক নিহত

ফন্ট সাইজ:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট লাখাট সীমান্তে খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মেঘালয় রাজ্যের স্থানীয় লাখাট স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত মিনহাজ গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ ভারতীয় চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে ওই সময় ঠিক কি কারণে তিনি সেখানে গিয়েছিলেন সেটি জানা যায়নি।

স্থানীয়রা বলছেন নিহত যুবক শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে লাখাটের স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ অনুপ্রবেশ করলে খাসিয়ার এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই মারা মান। জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, ঘটনা জানার পর আমরা তার বাড়িতে যাই। এ ঘটনায় পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল বলেন, পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর সীমান্তে খাসিয়ার গুলিতে এক যুবক নিহত হওয়ার খবর পেয়েছি। পরে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল তৈরি করে পরবর্তী কার্যক্রমের জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।

সিলেট ৪৮ ব্যাটালিয়ন (বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ভারতের অভ্যন্তরে এক কিলোমিটার ভেতরে অসৎ উদ্দেশ্যের জন্য মিনহাজ সেখানে গেলে খাসিয়ার গুলিতে গুলিবিদ্ধ হলে বাংলাদেশে নিয়ে আসার পরে মেডিকেল যাওয়ার পথে সে মারা যায়। বিজিবি’র পক্ষ থেকে সীমান্তে কড়া নজরদারি ও সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন