তবুও থেমে নেই দীপিকা

তবুও থেমে নেই দীপিকা

ফন্ট সাইজ:

বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের ঘর আলো করে আসতে চলেছে তাদের দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান দুয়ার জন্মের পর বছর ঘুরতে না ঘুরতেই ফের মা হওয়ার সুখবর দিয়েছেন দীপিকা। তবে প্রেগন্যান্সির শেষ ধাপে এসে শারীরিক ধকল ও কঠিন পরিস্থিতির মধ্যদিয়ে যেতে হচ্ছে অভিনেত্রীকে। গতকাল সামাজিক মাধ্যমে শেয়ার করা এক রিলসে নিজের বর্তমান অবস্থার বাস্তব চিত্র তুলে ধরেন দীপিকা।

রিলসে দেখা গেছে, একজন অন্তঃসত্ত্বা মহিলা গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে মাঝরাতে বিছানা ছেড়ে ধীর পায়ে বাথরুমের দিকে হেঁটে যাচ্ছেন। ভিডিও’র ক্যাপশন লেখেন, তৃতীয় ত্রৈমাসিকে মাঝরাতে ঘুম থেকে উঠে বারবার বাথরুমে যাওয়া। এই রিলটির সঙ্গে তিনি একটি মাথা নিচের দিকে থাকা স্মাইলি ইমোজি দিয়েছেন। তার এই ইমোজিই স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে, তিনিও এই মুহূর্তে গর্ভাবস্থার চূড়ান্ত পর্যায়ের এই ধাপে শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। মা হওয়ার পাশাপাশি পেশাদার জগতেও দীপিকার হাতে রয়েছে দু’টি বড় ছবি। সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে তাকে দেখা যাবে। ছবিটি আগামী ২৪শে ডিসেম্বর হলে মুক্তির কথা রয়েছে। এ ছাড়াও দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘রাকা’ ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা। বর্তমানে ছবিটির শুটিং চলছে। শারীরিক এমন পরিস্থিতিতেও থেমে নেই দীপিকা। ছবিটির টানা শুটিংয়ে অংশ নিচ্ছেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন