চারুশিল্পী, নাট্যনির্দেশক ও বাংলাদেশে পাপেট চর্চার অন্যতম প্রাণপুরুষ মুস্তফা মনোয়ারকে স্মরণ করা হলো গান-কবিতা আর আলোচনার মধ্যদিয়ে। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ আয়োজনে মুস্তফা মনোয়ারের জীবন-কর্ম ও তাকে ঘিরে নানা স্মৃতিকথা তুলে ধরেন অতিথিরা। নাট্যশালার মূল মিলনায়তন প্রাঙ্গণে তার ছবি ঘিরে ছড়িয়ে দেয়া হয় ফুলের পাপড়ি, জ্বালানো হয় মোমবাতি। পাশেই ছিল বরেণ্য এই শিল্পীর আঁকা ছবি এবং জীবনকর্ম প্রদর্শনী। প্রদর্শনীতে তার তৈরি জনপ্রিয় পাপেট চরিত্র মন্ত্রী, গিট্টু, রাজা, বাঘা, মেনি, কুশ্রী ছানা, বাউল, শিক্ষক, ষাঁড়, বকর, পণ্ডিত, ড্রাগন রাখা হয়।
অনুষ্ঠানে মুস্তফা মনোয়ারের স্ত্রী মেরি মনোয়ার বলেন, আমার ৬১ বছরের সঙ্গী মুস্তফা মনোয়ারের স্মরণে আমরা সবাই সমবেত হয়েছি। তাকে যে দেশের লোক এত ভালোবাসেন- এটা ভাবা যায় না। আজকের দিনে আপনারা সবাই উপস্থিত হয়েছেন উনার প্রতি সম্মান দেখাতে, এর জন্য অনেক ধন্যবাদ। অভিনেতা আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে চিত্রকর ও কার্টুনিস্ট রফিকুন নবী, অভিনেতা আব্দুল আজিজ, কেরামত মওলা, মনিরুজ্জামান, তারিক আনাম খান, হাবিবুল আলম স্মৃতিচারণ করেন।
