বিএনপি’র অভ্যন্তরীণ বিভেদ-বিভক্তির সুযোগ নিয়ে একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু বর্তমানে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভেদ, বিভক্তি ও বিরোধের কারণে একটি দল দেশকে আবারো অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের সে সুযোগ দেয়া হবে না।
শনিবার সকালে সেনবাগ উপজেলার কানকিরহাট উচ্চবিদ্যালয় মিলনায়তনে সিদীপ মডার্ন স্কুল ও ডা. মফজলুর রহমান মকু চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া ১৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জয়নুল আবদিন ফারুক বলেন, দীর্ঘ ১৭ বছর সময় পর দেশে নির্বাচিত সরকার এসেছে। তাই বর্তমান সরকারকে সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, ভুল হলে জনগণের কাছে তা স্বীকার করতে হবে। মানুষ ক্ষমা করে দেবে। তাই সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের কাজ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. মোক্তার হোসেন পাটোয়ারী,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজসহ বিএনপি’র উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
