পানিবন্দি গর্ভবতী নারীকে হাসপাতালে নিলেন ফায়ার সার্ভিস কর্মীরা

পানিবন্দি গর্ভবতী নারীকে হাসপাতালে নিলেন ফায়ার সার্ভিস কর্মীরা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যাকবলিত এলাকায় পানিবন্দি থাকা এক গর্ভবতী নারীকে স্ট্রেচারে তুলে কাঁধে নিয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকায় এ ঘটনাটি ঘটে। গর্ভবতী নারী মিজবাহুল জান্নাত (২২) ওই এলাকার সৌদি আরব প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, দিবাগত রাত ২টার দিকে মিজবাহুলের প্রসব বেদনা শুরু হয়। তার বাড়ি থেকে উপজেলা সদরের হাসপাতালের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। কিন্তু ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পুরো সড়ক পানিতে ডুবে যাওয়ায় তাকে হাসপাতালে নেয়া সম্ভব হচ্ছিল না। কয়েক ঘণ্টা যন্ত্রণায় কাটানোর পর ভোরের দিকে খবরটি পূর্ব পরিচিত শাহাজাদা মিনহাজকে জানায়। খবর পেয়ে তাৎক্ষণিক লোহাগাড়া ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেন। সংবাদ পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

জানা যায়, হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর ওই নারী এক পুত্রসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন। লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহাঙ্গীর আলম বলেন, এক সাংবাদিকের মাধ্যমে খবর পাওয়ার পর পরই তারা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে নিরাপদে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। দুর্যোগের সময় ফায়ার সার্ভিসের এমন মানবিক ও সাহসী ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন