চুয়াডাঙ্গার দামুড়হুদার নতুন বাস্তপুর শামরার মাঠ এলাকার মরগাং খালে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ সায়েম (১৬) নামে দশম শ্রেণির ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় প্রায় ১০ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরিদল। নিহত সায়েম বাস্তপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও দামুড়হুদা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুর ১টার দিকে সায়েম তার ছোট চাচা জাকির হোসেনের সঙ্গে ঠেলা জাল দিয়ে মরগাং খালে মাছ ধরতে যায়।
এ সময় মাঠ থেকে নেমে আসা বৃষ্টির পানির প্রবল স্রোতে সে ঠেলা জালসহ মরগাং খালের পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে তার চাচা ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেও উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে উন্নত উদ্ধার সরঞ্জামসহ খুলনা থেকে নৌ বাহিনীর ডুবুরি দল বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টার টানা অভিযানের পর সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে। দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
