রাজশাহীকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে: ভূমিমন্ত্রী

রাজশাহীকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে: ভূমিমন্ত্রী

ফন্ট সাইজ:

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, ১৯৫৯-৬০ সালের দিকে রাজশাহীতে যাত্রা শুরু করা পূবালী ব্যাংক এ অঞ্চলের মানুষের বিশ্বস্ত অংশীদার। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে এবং দেশের অর্থনীতি পুনর্গঠনে এই ব্যাংকের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। আগামী দিনে রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক। শনিবার রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি মোড়ে একটি হোটেলে রাজশাহী পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত ক্যাশলেস রাজশাহী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, শিক্ষা-দীক্ষায় উন্নত এই অঞ্চলের মানুষ নতুন এই ডিজিটাল ব্যাংকিং পদ্ধতিকে দ্রুত গ্রহণ করবে এবং এর ফলে রাজশাহীর অর্থনৈতিক মর্যাদা আরও বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রযাত্রায় রাজশাহীকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল করতে এবং আধুনিক সিঙ্গাপুর বা ইউরোপের আদলে ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে পূবালী ব্যাংক ‘কিউআর সিস্টেম’ চালু করেছে। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়ীরা কোনো প্রকার কাগুজে মুদ্রার ঝামেলা ছাড়াই দ্রুত ও নিরাপদ লেনদেন করতে পারবেন। রাজশাহী পূবালী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খান, পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. বায়েজীদ সরকার ও মো. নাজিম উদ্দীন এবং মো. শাহ নওয়াজ খান। অন্যান্যের মধ্যে পূবালী ব্যাংকের সদস্যবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে রাজশাহীতে পূবালী ব্যাংক পিএলসি’র ১৪টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে বাংলা কিউআর কোড তুলে দেন ভূমিমন্ত্রী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন