ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি বাড়ির গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণে আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন তিন শ্রমিক। শনিবার সকালে শুভাঢ্যা ইউনিয়নের বরইতলা এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেনÑ রাকিব হোসেন (৩০), সুমন (৩১) ও রাজন (২৯)। তাদের স্থানীয়রা উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরি বিভাগে ভর্তি করে। এদের মধ্যে রাকিবের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দগ্ধ শ্রমিকরা হাজী মনির হোসেন নামে একজনের বহুতল একটি ভবনের গ্যাস লাইনের মেরামতের কাজ করছিলেন। এ সময় পাইপলাইনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন শ্রমিক গুরুতর দগ্ধ হয়। স্থানীয়রা জানান, হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরি বিভাগে নিয়ে যায়। দগ্ধ শ্রমিক সুমন জানান, গ্যাস লাইন মেরামতের সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে তিনিসহ আরও দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই আহসান হাবীব জানান, ঘটনাস্থল আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শন করেছেন। তারা প্রতিবেদন দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
