কুমিল্লার মুরাদনগরের টনকীতে গৃহবধূ আফসানা আক্তার হ্যাপি (২৮) হত্যার একমাত্র আসামি গোলাম জিলানী (৩২)কে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকী বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এতে চৈনপুর গ্রামের শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করলে এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, টনকী গ্রামের বারিয়াপাড়া এলাকার কনু মিয়ার ছেলে বখাটে গোলাম জিলানী দীর্ঘদিন ধরে চৈনপুর গ্রামের গৃহবধূ হ্যাপিকে উত্ত্যক্ত করার পাশাপাশি কু-প্রস্তাব দিয়ে আসছিল।
তার বাচ্চাদের বিভিন্ন সময় হুমকি দিতো। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৬ই জুলাই দুপুরে হ্যাপির বাড়িতে পুরুষ লোক না থাকায় জিলানী জোরপূর্বক ঘরে ঢুকে হ্যাপিকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে জোরপূর্বক তাকে কেরির (পোকানাশক) ট্যাবলেট খাইয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। বক্তারা আরও বলেন, ওই গৃহবধূর ৩টি কন্যা শিশু রয়েছে।
৭দিন পেরিয়ে গেলেও এই খুনি জিলানীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রশাসন যদি দ্রুত সময়ের মধ্যে খুনিকে গ্রেপ্তার না করে তাহলে আরও কঠোর আন্দোলন করা হবে। এ সময় মাওলানা আলাউদ্দিন, মাহমুদ হানজালা, সেলিম মুন্সীসহ অনেকে বক্তব্য রাখেন। উল্লেখ্য, গৃহবধূ আফসানা আক্তার হ্যাপি হত্যার ঘটনায় তার স্বামী আল আমিন বাদী হয়ে গত ৭ই জুলাই বাঙ্গরা বাজার থানায় জিলানীকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলম বলেন, ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
