দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরেরহাট এলাকায় জোতরঘুপাড়ায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।
জানা গেছে, এসআই (নিঃ) মো. আইয়ুব আলীর নেতৃত্বে থানার একটি অভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় টাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় ৩জনকে আটক করে। আটককৃতরা হলেন- মুক্তা রায় (৪৫), মো. জীবন ইসলাম (২৪) এবং মো. মিশুক রায়হান (২৬)। অভিযানকালে তাদের নিকট থেকে টাপেন্টাডল ট্যাবলেট ও একটি গ্যাস লাইট উদ্ধার করে পুলিশ। পরে তাদেরকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ঘটনাস্থলেই মুক্তা রায় (৪৫) ও মো. জীবন ইসলাম (২৪)কে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে অর্থদণ্ড এবং মো. মিশুক রায়হান (২৬)কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় থানার অফিসার ইনচার্জ মো. মাহামুদুন-নবী উপস্থিত ছিলেন।
