ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যার পর ঢাকা-সিলেট মহাসড়কের ব্র্যাক অফিসের পূর্বপাশের ব্রিজ সংলগ্ন সংযোগস্থল এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে রাত ১০টার দিকে স্বজনরা রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিহাদ সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে ও স্থানীয় একটি গ্যারেজে মোটর মেকানিক হিসেবে কাজ করতেন। নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্র জানায়, জিহাদের বাবা মহাসড়কের পাশে জাফর খালে জাল দিয়ে মাছ শিকার করছিলেন।
গত শুক্রবার সন্ধ্যার পর বাবার সঙ্গে দেখা করতে মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল জিহাদ। ব্র?্যাক অফিস এলাকায় যাওয়ার পর একদল দুর্বৃত্ত জিহাদকে আটক করে তার মুঠোফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে পাশের একটি ঝোপঝাড়ে ফেলে চলে যায়। পরে রাতেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে মহাসড়কের পাশে পড়ে থাকা জিহাদের জুতার সূত্র ধরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে তার ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া যায়নি। পরিবারের দাবি, ছিনতাই কিংবা পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, এটি ছিনতাই নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা তদন্ত শেষে বলা যাবে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ রহস্য উদ্ঘাটনে কাজ করছে।
