মৌলভীবাজারের রাজনগরে অজ্ঞাত পরিচয় এক মহিলার (৪৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ। শুক্রবার বিকালে খবর পেয়ে উপজেলার টেংরা ইউনিয়নের একামধু এলাকায় আনসার মিয়ার বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ সুরতহাল রিপোর্ট করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে বন্যার পানিতে ভেসে আসা অর্ধগলিত একজন মহিলার লাশ একামধু এলাকায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন রাজনগর থানা পুলিশকে খবর দেয়। রাজনগর থানার উপরিদর্শক (এসআই) আলমগীর কবির ফোর্স নিয়ে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসেন। রাজনগর থানার পুলিশ সুরতহাল রিপোর্ট করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা বলছেন, লাশ উজান থেকে ভেসে এসেছে, অনেকের ধারণা কয়েকদিন আগে মৃত্যু হয়েছে। লাশের চামড়া খসে পড়ছে।
অনেকেই ধারণা করছেন, লাশটি ভারতের কোথাও থেকে মনু নদীর পানিতে করে বাংলাদেশের প্রবেশ করেছে। শুক্রবার বিকালে টেংরা ইউনিয়নের একামধু গ্রামের আনসার উদ্দিনের বাড়ির পাশে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেন। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।
রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, একামধু গ্রামের আনসার উদ্দিনের বাড়ির পাশে অর্ধগলিত লাশ ভাসতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশের পরিচয় সনাক্ত করা যায়নি।
