বন্যার উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে অমিত

ফন্ট সাইজ:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্যার দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দিয়েছে সরকার। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমে সব সরকারি সংস্থার কার্যক্রম সমন্বয় করবেন তিনি।

উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসনের কাজ সমন্বয় ও তদারকিতে প্রতিমন্ত্রী অমিতের দায়িত্ব কী হবে, তার একগুচ্ছ তালিকাও প্রজ্ঞাপনে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, বন্যা পরিস্থিতির ফলে ক্ষয়ক্ষতির পরিসর, স্থানীয় প্রশাসনের নিকট মজুদ ত্রাণ সামগ্রী এবং উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করবেন প্রতিমন্ত্রী অমিত। এ কার্যক্রমে তিনি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং বাহিনীর কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দেবেন এবং সমন্বয় নিশ্চিত করবেন।

বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনর্বাসন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার বিষয়টিও রাখা হয়েছে প্রতিমন্ত্রীর কাজের মধ্যে।

সংশ্লিষ্ট এলাকায় ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করার জন্য দ্রুত কার্যক্রম নেয়া ও তত্ত্বাবধান করার পাশাপাশি বন্যা পরিস্থিতি ও গৃহীত কার্যক্রম সম্পর্কে সময়ে সময়ে সরকারকে অবহিত করবেন তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, কমিশনার, চট্টগ্রাম বিভাগ; সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থা দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন