পূর্বধলায় যথাযথ মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার পূর্বধলা উপজেলা প্রশাসনের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দশ মিনিটের একটি ভিডিও চিত্র মাধ্যমে বিআরডিবির উন্নয়ন দেখানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি পরিচালনায় করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোস্তফা তাজবীর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক সাবেক বিআরডিবির সভাপতি মো. রুহুল আমিন ফকির,যুগ্ম আহবায়ক মোঃ আহমদ আলী সরকার, যুগ্ন আহবায়ক এম এ মান্নান, মোঃ সেলিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক নেত্রকোনা জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, যুগ্ন আহবায়ক আনোয়ারুল হক আনার, যুগ্ন আহবায়ক আরশাদ মিয়া ডাঃ আব্দুল লতিফ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের প্রতিটি গ্রামকে উন্নত করার যে লক্ষ্য, তা বাস্তবায়নে বিআরডিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা আরও বলেন, গ্রাম উন্নত হলেই দেশ সমৃদ্ধ হবে, আর তবেই গড়ে উঠবে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ তথা আধুনিক ‘স্মার্ট বাংলাদেশ’।
