৬ বছরে তিনবার ফেল করায় ড্রপআউট হয়ে যান রাজশাহী বিশ্ববিদ্যালয় হল শাখার সাধারণ সম্পাদক। ড্রপআউট হলেও গত ৬ মাস ধরে হলে অবস্থানের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের ২৩২ নম্বর কক্ষে অবস্থান করছেন বলে জানা গেছে।
অভিযুক্ত ওই ছাত্রদল নেতার নাম আব্দুল্লাহ আল নিশাত। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। তার বাসা নওগাঁ জেলায়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ১ নং যুগ্ম আহ্বায়ক। তিনি মতিহার হল সংসদে এজিএস পদে নির্বাচন করেছিলেন।
জানা গেছে, বিএসসি (অনার্স) পার্ট-২ পরীক্ষায় পরপর দুইবার অকৃতকার্য হন ছাত্রদল নেতা নিশাত। পরের বছর কৃতকার্য হলেও পরবর্তী বছর আবারো অকৃতকার্য হন তিনি। ফলে ড্রপআউট হয়ে যান নিশাত।
এ বিষয়ে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নিশাত বলেন, কোনো একটা কারণে আমি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারিনি। এই কারণে আমার ছাত্রত্ব বাতিল করা হয়। ৪ঠা জুলাই প্রভোস্ট স্যার জানান যে, আমার সিট বাতিল করা হয়েছে। এরপর আমি আবার হলে থাকার জন্য আবেদনপত্র দিয়েছি। যদি প্রভোস্ট স্যার অনুমতি দেন তাহলে আমি থাকবো আর না হয় নেমে যাবো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, তার (নিশাত) বিষয়টি আমি অবগত আছি। বিভিন্ন আন্দোলন, সংগ্রাম এবং অসুস্থ থাকার কারণে সে ক্লাসে মনোযোগ দিতে পারেনি, যার কারণে সে ড্রপআউট হয়েছে। এজন্য সে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেছে, যাতে বিশেষ বিবেচনায় তার পড়াশোনা পুনরায় চালু করা হয়। এর আগেও বিশেষ বিবেচনায় ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীও পড়ালেখার সুযোগ পেয়েছে। আমি চাই, তাকে ছাত্রত্ব ফিরিয়ে দেয়া হোক। মতিহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকার বলেন, তিনি (নিশাত) যে ড্রপআউট, সে বিষয়টি আমি আগেই অবগত ছিলাম। আমি তাকে হল ত্যাগের নির্দেশ দিয়েছি।
