হেরেও গর্বিত বসনিয়ার কোচ

হেরেও গর্বিত বসনিয়ার কোচ

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের কাছে ২-০ গোলে হেরে শেষ বত্রিশ থেকে বিদায় নিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। এই বিদায়কে ব্যর্থতা হিসেবে দেখছেন না দলের প্রধান কোচ সের্গেই বারবারেজ। বরং খেলোয়াড়দের মাথা উঁচু করে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এবারের বিশ্বকাপ তাদের জন্য অত্যন্ত গর্বের, যা উদযাপন করার মতো অর্জন।

সান ফ্রান্সিসকোকে ম্যাচ শেষে বারবারেজ বলেন, ‘আমি আমার খেলোয়াড়দের নিয়ে ভীষণ গর্বিত। এই অর্জন আমাদের উদযাপন করা উচিত, দুঃখ করা নয়। কারণ এটাই জীবন, এটাই ফুটবল, বিশেষ করে এমন বড় একটি প্রতিযোগিতায়।’ এবারই প্রথম বিশ্বকাপের ইতিহাসে নকআউট ম্যাচ খেলেছে বসনিয়া ও হার্জেগোভিনা। গ্রুপ পর্বে স্বাগতিক কানাডার সঙ্গে ড্র, কাতারের বিপক্ষে জয় এবং সুইজারল্যান্ডের কাছে হার নিয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছিল তারা। এর আগে বাছাইপর্ব পেরিয়ে ৪৮ দলের টুর্নামেন্টের মূলপর্বে জায়গা করে নিতে কঠিন পথই পাড়ি দিতে হয়েছিল বসনিয়াকে। প্লে-অফে ওয়েলস এবং চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে টাইব্রেকারে হারিয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপে টিকিট পায় তারা।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি কঠিন ছিল বলে স্বীকার করে নিয়েছেন সের্গেই বারবারেজ। একইসঙ্গে নিজেদের ভুল, বলের দখল কাজে লাগাতে না পারা এবং পর্যাপ্ত সুযোগ তৈরি করতে না পারায় শেষ পর্যন্ত তাদের হারতে হয়েছে বলে জানান তিনি। তাতেও খেলোয়াড়দের নিয়ে কোনো অভিযোগ নেই তার। বরং শিষ্যদের পারফরম্যান্সে গর্বিত এই কোচ। বারবারেজ বলেন, ‘আমরা দুই গোলে পিছিয়ে ছিলাম। কিন্তু ওদের খেলা দেখে আমার হৃদয় গর্বে ভরে গিয়েছিল। এটি সত্যিই অসাধারণ এক অনুভূতি। এই মুহূর্তে আমি নিজেকে বিশ্বের সবচেয়ে গর্বিত কোচ মনে করছি।’

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন বারবারেজ। তার বিশ্বাস, দেশের মানুষের ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনা তাদের বিশ্বকাপ যাত্রার প্রকৃত মূল্য আরও ভালোভাবে উপলব্ধি করাবে। তিনি বলেন, ‘ভিডিও বার্তা কিংবা ফোনকল অবশ্যই ভালো লাগে। কিন্তু মানুষের মাঝে ফিরে যাওয়ার পরই আমরা বুঝতে পারব যে, আমাদের এই অর্জন কতটা বড়।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন