নতুন পোশাকে পুলিশ

নতুন পোশাকে পুলিশ

ফন্ট সাইজ:

পুলিশ সংস্কারের অংশ হিসেবে পোশাক পরিবর্তনের সাত মাস পর ফের আগের পোশাক গাঢ় নীল ও হালকা জলপাই রংয়ের শার্ট ও খাকি প্যান্ট পরে নতুন পোশাকে দায়িত্ব পালন করছে পুলিশ। বুধবার নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ কর্মকর্তাদের। বাংলাদেশ পুলিশ সংস্কারের অংশ হিসেবে ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের পরই পোশাকে পরিবর্তন আনা হয়। তবে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর সেটি আবার বদলানোর সিদ্ধান্ত নেয়।

বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে গাঢ় নীল শার্টে ও খাকি প্যান্টে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রংয়ের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আজ থেকে নতুন পোশাক পরছেন পুলিশ সদস্যরা। এখনো সব পুলিশ সদস্যের হাতে পৌঁছেনি নতুন পোশাক। পর্যায়ক্রমে সব সদস্যই পাবেন। যারা পেয়েছেন তারা নতুন পোশাকে দায়িত্ব পালন করছেন।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, বুধবার থেকে নতুন পোশাক পরে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। এখনো সব পুলিশ সদস্য এই পোশাক পাননি। আশা করি অল্প সময়ের মধ্যে সবাই পেয়ে যাবেন।

জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে সংস্কারের দাবি ওঠে। পুলিশের ইউনিফর্ম পরিবর্তনেরও দাবি উঠেছিল। গত বছরের ২০শে জানুয়ারি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের শার্টের রং আয়রন বা লোহা-ধূসর, আর প্যান্টের রং ছিল কফি শেল বা কফি-বাদামি ধূসর। গত বছরের ২৫শে নভেম্বর নতুন পোশাকে মাঠে নামে পুলিশ। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পুলিশের পোশাক পরিবর্তনের দাবি জোরালো হয়। গত ১৮ই জুন পোশাকের রং পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর। প্রজ্ঞাপনে পুলিশের শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারীদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণ হাতা পোশাকের রং-সংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়।
নতুন প্রজ্ঞাপনে বলা হয়, আগে লোহা-ধূসর রংয়ের শার্টের ওপর লোহা-ধূসর রংয়ের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহারের কথা ছিল। নতুন বিধানে সেটির পরিবর্তে নীল রংয়ের শার্টের ওপর গাঢ় নীল রংয়ের ফুলহাতা জার্র্সি, কার্ডিগান বা পুলওভার যুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের ক্ষেত্রে ট্রাউজার হবে খাকি রংয়ের টিসি টুইল কাপড়ের। শার্ট হবে গাঢ় নীল রংয়ের টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের। শার্টের সামনে চারটি পকেট থাকবে। সামনের অংশে সমদূরত্বে সাতটি বোতাম থাকবে। প্রজ্ঞাপনে নারী পুলিশের পোশাকের বিষয়েও বিস্তারিত বলা হয়। নারী পুলিশ চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ পরা যাবে।

মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রংয়ের ব্লাউজের কথা বলা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নারী পুলিশ সদস্যরা চাইলে মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী পুলিশ সদস্যরাও সারা বছর পূর্ণ হাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন নিয়ে নারী পুলিশ সদস্যরা সাধারণ পোশাক পরতে পারবেন। এ ছাড়া মৌসুম অনুযায়ী শার্টের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে শার্ট হবে অর্ধহাতা। শীতকালে শার্ট হবে পূর্ণ হাতা। মাথার আবরণের ক্ষেত্রে বলা হয়েছে, সেটি অনুমোদিত গাঢ় নীল রংয়ের হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন