নতুন কাঠামোয় এগুচ্ছে এনসিপি

নতুন কাঠামোয় এগুচ্ছে এনসিপি

ফন্ট সাইজ:

দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনা এবং নেতৃত্বকে আরও কার্যকর করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শীর্ষ পর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টনের উদ্যোগ নিয়েছে। এই পুনর্বিন্যাসে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন নেতা পদ হারাতে পারেন, আবার কেউ কেউ আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন। মঙ্গলবার রাতে রাজধানীর বেইলি রোডে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বাসভবনে অনুষ্ঠিত রাজনৈতিক পর্ষদের বৈঠকে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। রাত নয়টা থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত চলা বৈঠকে রাজনৈতিক পর্ষদের ১৬ সদস্য উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, নতুন সাংগঠনিক কাঠামোর অংশ হিসেবে প্রায় ৫০টি সেল গঠন করা হবে। প্রতিটি সেলের নেতৃত্বে থাকবেন একজন সম্পাদক এবং দুই থেকে তিনজন সহ-সম্পাদক। কেন্দ্রীয় কমিটির শতাধিক সদস্যকে এসব সেলে দায়িত্ব দেয়া হবে। আর পুরো কার্যক্রম তদারকি করবেন রাজনৈতিক পর্ষদের ১৬ সদস্য।

সূত্র আরও জানায়, দায়িত্ব বণ্টনের আলোচনায় রাজনৈতিক লিয়াজোঁর দায়িত্বে নাসীরুদ্দীন পাটওয়ারী, সারা দেশের সাংগঠনিক কার্যক্রমে সারজিস আলম, নারী বিষয়ক কার্যক্রমে ডা. মাহমুদা মিতু, ছাত্র ও শিক্ষাবিষয়ক কার্যক্রমে আলী আহসান জুনায়েদ এবং গণমাধ্যম বিষয়ক দায়িত্বে সারোয়ার তুষারকে রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে গত ১৪ই মে অনুষ্ঠিত নির্বাহী কাউন্সিলের বৈঠকে দলের সাংগঠনিক পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে মুখ্য সমন্বয়ক, মুখপাত্র ও মুখ্য সংগঠকের পদ বিলুপ্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়। মঙ্গলবারের বৈঠকে সেই সিদ্ধান্তের আলোকে নতুন কাঠামোয় দায়িত্ব বণ্টনের বিষয়টি পর্যালোচনা করা হয়েছে।

দলীয় একাধিক সূত্র বলছে, বর্তমান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেতে পারেন। সে ক্ষেত্রে বর্তমান জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীবের দায়িত্বের পরিবর্তন আসতে পারে। একইভাবে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে সারজিস আলম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বর্তমান জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভার পদে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুগ্ম আহ্বায়ক মানবজমিনকে বলেন, দায়িত্ব পুনর্গঠন ও জুলাইয়ের কর্মসূচি নিয়ে বেশি আলোচনা হয়েছে। কাউন্সিলকে সামনে রেখে জেলা-উপজেলা কমিটিগুলো পুনর্গঠনে মনোযোগ বাড়ানো হচ্ছে। কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হবে। দলীয় নেতারা জানান, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে রাজনৈতিক পর্ষদের বৈঠক এখন থেকে প্রতি সপ্তাহে আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে রাজনৈতিক পর্ষদে রয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আরিফুল ইসলাম আদীব, আবদুল হান্নান মাসউদ, আতিকুর রহমান মোজাহিদ ও আবদুল্লাহ আল আমিনসহ মোট ১৬ সদস্য।

গত ১১ই জুন রাজনৈতিক পর্ষদে নতুন ৬ সদস্য যুক্ত হন। তারা হলেন- সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও মাহমুদা আলম মিতু। গত কয়েক মাসে বিএনপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফরম থেকে নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিয়েছেন। একই সময়ে কিছু নেতা দল ছেড়েছেন, আবার কেউ নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এই বাস্তবতায় দলকে আরও সুসংগঠিত ও সক্রিয় করতে দায়িত্ব পুনর্বণ্টনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

এসব বিষয়ে এনসিপি’র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব মানবজমিনকে বলেন, দলের সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা চলছে। বর্তমানের প্রধান সমন্বয়কারী, মুখ্য সংগঠকসহ কয়েকটি পদ বিলুপ্ত হতে পারে। সেক্ষেত্রে সংগঠনের কাঠামো আরও সরল করে আহ্বায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব- এ ধরনের পদভিত্তিক কাঠামো রাখা হতে পারে। তবে এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, যেসব বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে, সেগুলো বিস্তারিতভাবে পরে জানানো হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন