হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফন্ট সাইজ:

সুনামগঞ্জবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মেডিকেল কলেজ হাসপাতাল চালুর মাধ্যমে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস শুরুর দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তারা মহাসড়কে বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় স্থানীয় এলাকাবাসীও আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে শিক্ষার্থীদের পাশে অবস্থান নেন। মহাসড়ক অবরোধের ফলে প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। আন্দোলনরত শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, দায়িত্বশীল কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে হাসপাতাল চালুর সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না দেয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পুলিশ সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানালেও প্রচণ্ড রোদের মধ্যেই তারা মহাসড়কে অবস্থান অব্যাহত রাখেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ৫০০ শয্যাবিশিষ্ট ১০ তলা হাসপাতাল ভবনটি দীর্ঘদিন ধরে অকারণে ফেলে রাখা হয়েছে। যথাযথ ব্যবহার না হওয়ায় ভবনটিতে কীটপতঙ্গের বাসা বেঁধেছে।

এতে একদিকে যেমন মেডিকেল শিক্ষার্থীদের ক্লিনিক্যাল শিক্ষা ব্যাহত হচ্ছে, অন্যদিকে সুনামগঞ্জের সাধারণ মানুষ আধুনিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তাদের দাবি, ২০২৪ সালের ২৪শে জুন এবং পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবর মাসে হাসপাতালটি চালুর আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। ২০২৬ সালেও নানা অজুহাতে হাসপাতাল চালু বিলম্বিত করা হচ্ছে। অবরোধ চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন