ঝিনাইদহের মহেশপুরে সরকারি নিয়মে ইজারা নেওয়া হাট থেকে খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হাটের ইজারাদার আতিকুর রহমান লেন্টু। গতকাল সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ইজারাদার লেন্টু অভিযোগ করেন, মহেশপুর উপজেলার গৌরীনাথপুর ও আদমপুর হাট সরকারি টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসাবে ইজারা পান তিনি। এখন খাজনা আদায় করতে গেলে স্থানীয় প্রভাবশালী ইসমাইল হোসেন, সোহাগ সরকার ও ফারুক হোসেন বাধা দিচ্ছেন।
সেইসঙ্গে ব্যবসায়ী ও কৃষকদের কাছ থেকে তারা অবৈধভাবে জোর করে টাকা আদায় করছেন।
ইজারাদার লেন্টু আরও অভিযোগ করেন, হাটে আমার মনোনীত ব্যক্তি খাজনা আদায় করতে গেলে তাদের মারধর করা হচ্ছে। এরপর কিছু বলতে গেলে উল্টো হত্যার হুমকি দেয়া হচ্ছে। এই নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকারের উপ-পরিচালকের বরাবর অভিযোগ দিয়েও কোনো সুরাহা হয়নি। সঠিক নিয়মে সরকারিভাবে পাওয়া হাটের ইজারা আদায়ের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ ব্যাপারে অভিযুক্ত সোহাগ সরকার বলেন, আমরা টাকা আদায় করছি না। হাটের ব্যবসায়ী আড়তদাররা কমিশন নিচ্ছে।
