কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, জীবিত উদ্ধার ১২ নাবিক

ফন্ট সাইজ:

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দু’টি লাইটার জাহাজের সংঘর্ষে পাথরবোঝাই এমভি বে হারবার-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে তাৎক্ষণিক উদ্ধার অভিযানে জাহাজে থাকা ১২ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোররাতে কর্ণফুলী নদীর নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, লাইটার জাহাজ ডুবির খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

প্রথমে আটজন নাবিককে উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আনোয়ারার পারকি সৈকত এলাকা থেকে ভাসমান অবস্থায় আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন জানান, বে হারবার লিমিটেডের মালিকানাধীন এমভি বে হারবার-২ পাথর নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে অপর একটি লাইটার জাহাজের সঙ্গে সংঘর্ষের পর এটি আংশিক ডুবে যায়। তিনি আরও বলেন, দুর্ঘটনাটি বন্দর চ্যানেলের বাইরে হওয়ায় বন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। কর্ণফুলী নদী দিয়ে জাহাজের আসা-যাওয়া স্বাভাবিক রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন