উন্নয়ন ও নাগরিক সেবায় গুরুত্ব দিয়ে রাসিকের বাজেট ঘোষণা

ফন্ট সাইজ:

নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ, উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং আয়-ব্যয়ের বাস্তবসম্মত সমন্বয়কে গুরুত্ব দিয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। মঙ্গলবার বিকাল ৪টায় রাজশাহী সিটি করপোরেশনের সিটি হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নগরবাসীর ক্রমবর্ধমান চাহিদা, বিদ্যমান সুযোগ-সুবিধা এবং বাস্তবসম্মত আয়-ব্যয়ের বিষয়গুলো বিবেচনায় রেখে নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।

এ বাজেটের মাধ্যমে নগরবাসীর জন্য উন্নত নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করা হবে। সংবাদ সম্মেলনে প্রশাসক জানান, ২০২৫-২০২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা। তবে বিভিন্ন খাতে আয় ও ব্যয়ের সমন্বয়ের ফলে সংশোধিত বাজেটের আকার বেড়ে দাঁড়িয়েছে ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সা।

অন্যদিকে, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে মাহফুজুর রহমান রিটন বলেন, গণমাধ্যম সমাজের আয়না এবং সাংবাদিকরা জাতির বিবেক। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজকে সঠিক দিকনির্দেশনা দেন এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সময় রাজশাহী সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন