চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। মঙ্গলবার সকাল ১১টার দিকে নগরের আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে বন্দরমুখী কালো পতাকা মিছিল শুরু হয়। তবে বারিক বিল্ডিং মোড়ে পুলিশের বাধার মুখে মিছিল সংক্ষিপ্ত করে সেখানেই সমাবেশ করেন আন্দোলনকারীরা। সমাবেশে স্কপ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক ইফতেখার কামাল খান বলেন, জনগণের মতামত উপেক্ষা করে সরকার যদি এনসিটি ও সিসিটি ইজারার সিদ্ধান্ত চূড়ান্ত করে, তাহলে বন্দর অচলের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে শিগগিরই বৈঠক করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।
সমাবেশে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত বলেন, জনগণের অর্থে নির্মিত এনসিটি বিদেশি অপারেটরের কাছে ইজারা দেয়ার কোনো যৌক্তিকতা নেই। অবিলম্বে এ উদ্যোগ বাতিল না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। টিইউসি’র কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু বলেন, সম্পূর্ণ কার্যকর একটি টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়ার কোনো প্রয়োজন নেই। সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না এলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও জোরদার করা হবে।
ইফতেখার কামাল খান আরও বলেন, ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি পরিচালনার উদ্যোগ আগের সরকার নিয়েছিল। সরকার জনগণের মতামত বিবেচনায় নিয়ে এ প্রক্রিয়া থেকে সরে আসবে বলে তারা আশা করছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেরও দাবি জানান তিনি। সমাবেশে ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা হেলাল উদ্দিন কবির, জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতা মো. মাসুদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
এর আগে, গত ৪ঠা জুন সরকারের এক চিঠিতে এনসিটি ইজারার বিষয়ে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এর সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়। পরে আলোচনা প্রক্রিয়ায় সহায়তার জন্য ১২ সদস্যের একটি সাপোর্ট টিমও গঠন করা হয়। উল্লেখ্য, আগের অন্তর্বর্তী সরকারের সময় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারার চুক্তি চূড়ান্ত হওয়ার পর্যায়ে পৌঁছালে স্কপের নেতৃত্বে তীব্র আন্দোলন শুরু হয়। বন্দর অচলের কর্মসূচির ঘোষণার পর ওই প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল। পরে চলতি বছরের ৮ই ফেব্রুয়ারি বিদেশি অপারেটরের কাছে এনসিটি ইজারা দেয়ার কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়া হয়। তবে সমপ্রতি সরকার আবার আলোচনা এগিয়ে নেয়ার নির্দেশ দেওয়ায় বিষয়টি নিয়ে আবারও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির সচিব ফজলুল কবির মিন্টু জানিয়েছেন, টার্মিনাল ইজারা প্রক্রিয়ার প্রতিবাদে বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
