পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) আফরোজ শাহিন খসরুকে সুপরিকল্পিতভাবে হেয় প্রতিপন্ন, সম্মানহানি ও ঘুষ গ্রহণের সাজানো ও মিথ্যা অপবাদ দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সময় বিক্ষোভ সমাবেশে উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, প্রকৌশলী ইদ্রিস আলী খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন। সমাবেশে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শওকত আলী বলেন, উর্মি নামের একজন নারীকে নিয়ে কে বা কারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে খুব সুপরিকল্পিতভাবে ইউএনও’র বিরুদ্ধে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপবাদ ছড়িয়েছে যা খুবই দুঃখজনক।
আমরা কর্মস্থলে সঠিক পরিবেশের জন্য জনগণের সহযোগিতা চাই। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বলেন, এরকম মিথ্যা ও সাজানো অপবাদ একজন কর্মকর্তার বিরুদ্ধে তুলে মান-সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে বিচার চাই। তিরনইহাট ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিগত দু’বছর ধরে নানামুখী কাজ করেছি। বিষয়টি বানোয়াট ও ভিত্তিহীন হওয়ায় তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।
