নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইছাপুরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার মালো জানান, স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
