পলাশবাড়ীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৭

ফন্ট সাইজ:

গাইবান্ধার পলাশবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছে। সোমবার রাত ১০টার দিকে পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন পলাশবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজা এবং বরিশাল ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদকসহ আরও কয়েকজন। খবর পেয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় উপজেলা বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। আহতদের প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে বিএনপি জামায়াত নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪টায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে দুই পক্ষ থেকেই পৃথক প্রতিবাদ সমাবেশ আহ্বান করায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন