মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সোমবার সকালে উপজেলার উজান ভাটি হোটেলের হলরুমে আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন ও এনভায়রনমেন্ট অ্যান্ড এগ্রো প্রমোশন এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। এতে প্রধান অতিথি ছিলেন- আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া।
আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মেহেরুন নিছা মেহেরীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান, আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা, আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, নবীনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা সেলিম পারভেজ এবং আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকেও বিপন্ন করে। তাই তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষায় খেলাধুলা, সংস্কৃতি, নৈতিক শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
