দেশের প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ, সাবেক উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং নোয়াখালী-৫ আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছে ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরাম। গত ২৬শে জুন বিকালে রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ডা. আবু আহমেদ চৌধুরী, কবিরহাট সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সচিব মোহাম্মদ নুর উদ্দিনকেও মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের মো. আবদুজ্জাহের বলেন, নোয়াখালীর কবিরহাট উপজেলার অসংখ্য কৃতী সন্তান দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দল-মত নির্বিশেষে তাদের অবদানকে সম্মানের সঙ্গে স্মরণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরাম যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আশা করি এ ধারা অব্যাহত থাকবে। এ সময় শিক্ষা, সমাজসেবা, অর্থনীতি, স্বাস্থ্য, সংস্কৃতি, সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কবিরহাট উপজেলার আরও কয়েকজন কৃতী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাদের মধ্যেÑ অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান আবু নাসের মো. আবদুজ্জাহের, সমাজসেবায় কবিরহাট কেজি অ্যান্ড আইডিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা লুৎফর রহমান চৌধুরী, শিক্ষা ক্ষেত্রে মানারাত ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য এ টি এম ফজলুল হক ও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, চিকিৎসা ক্ষেত্রে বায়ো ফার্মা লিমিটেডের চেয়ারম্যান ডা. শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সংস্কৃতি ক্ষেত্রে চৌধুরী গোলাম মাওলা।
জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রাজ্জাকুল হায়দার চৌধুরীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরামের সভাপতি মো. ইলিয়াস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ কবিরহাট উপজেলা সমিতির মো. জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ ফোরামের ডাক্তার মোয়াজ্জেম হোসেন, নোয়াখালী জেলা সমিতির এডভোকেট মাইনুদ্দিন, নোয়াখালী ফোরামের প্রতিনিধি মোশাররফ হোসেন প্রমুখ।
