কব্জি কাটা গ্রুপের ধ্বংস কবিরসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাজধানীর আদাবর ও তেজগাঁও থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত ‘কব্জি কাটা আনোয়ার’ গ্রুপের অন্যতম সদস্য কবির ওরফে ধ্বংস কবিরসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- কবির ওরফে ধ্বংস কবির (৩৮) এবং তার সহযোগী আব্দুর রহমান (৩৫) ও মো. বিল্লাল হোসেন (২৮)। সোমবার র‌্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৮শে জুন গোপন সংবাদের ভিত্তিতে আদাবর এলাকার শ্যামলী হাউজিংয়ের ৪ নম্বর সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কব্জি কাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য, মাদক কারবারি ও কিশোর গ্যাং লিডার কবির ওরফে ধ্বংস কবির (৩৮) এবং তার সহযোগী আব্দুর রহমান (৩৫)কে দুটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়। একইদিন তেজগাঁও থানার কাওরান বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বীকৃত কিশোর গ্যাং লিডার এবং একাধিক মাদক ও ছিনতাই মামলার আসামি মো. বিল্লাল হোসেন (২৮)কে একটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে যোগসাজশে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ধ্বংস কবিরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, মাদক-সংক্রান্ত পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া বিল্লাল হোসেনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন