ম্যাচের শুরুটা হলো রূপকথার গল্পের মতো। বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হওয়া হাইতি দুইবার মরক্কোর বিপক্ষে লিড নেয়। তবে দারুণ প্রত্যাবর্তন করে হাইতিকে ৪-২ গোলে হারিয়ে নকআউটের টিকিট কাটে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা।
ম্যাচের দশম মিনিটে ডান দিক থেকে কেভিনের নিচু ক্রস ঠেকাতে পারেননি মরক্কোর ডিফেন্ডার। গোলকিপার ইয়াসিন বোনো ঝাঁপ দিয়েও বলের নাগাল পাননি। সামনে দাঁড়ানো লেনি ইয়োসেপ বিপদমুক্ত করতে গিয়ে বল ঠেলে দিলেন নিজেদের জালে। আত্মঘাতী গোলে ১-০তে এগিয়ে যায় হাইতি। ২৯তম মিনিটে সমতা ফেরানোর সুযোগ পায় মরক্কো। মাঝমাঠ থেকে উড়ে আসা লং বল দুই ডিফেন্ডারের ফাঁক গলে পান হাকিমি। তার শট ঠেকালেন গোলকিপার। এল কাবির ফিরতি শটও বাঁচালো। কিন্তু ৩৯তম মিনিটে সমতা ফেরালো মরক্কো। বাম দিক থেকে ব্রাহিম দিয়াজের জোরাল শট গোলকিপার আংশিকভাবে ঠেকালেন, আর সেই রিবাউন্ডেই ঝাঁপিয়ে পড়লেন আশরাফ হাকিমি। বল জালে জড়ালো। হাইতির দাবি ছিল বলে হাত লেগেছে হাকিমির, তবে ভিএআরও গোল বাতিল করেনি। ১-১ সমতা। আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না মরক্কোর। মাত্র চার মিনিট পরে বক্সের ঠিক বাইরে দুজন মরক্কান খেলোয়াড় তালগোল পাকিয়ে ফেলে বল দেন উইলসন ইসিডোরের পায়ে। দূরপাল্লার শটে গোল করেন তিনি। ২-১ গোলে এগিয়ে যায় হাইতি। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটেই এক গোল শোধ দেয় মরক্কো। ডান দিক থেকে হাকিমির কাটব্যাক। সতীর্থের ডামিতে বল পান ইসমাইল সাইবারি। নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নিলেন তিনি। ২-২ সমতায় বিরতিতে যায় দু'দল।
বিরতির পর মরক্কো চাপ বাড়ায়। ৬০তম মিনিটে এল খান্নোউসের বাইরে থেকে শট বাঁচালেন গোলকিপার। অল্পের জন্য আত্মঘাতী গোল থেকে বাঁচে হাইতিও। ৭৮তম মিনিটে সেই কাঙ্ক্ষিত গোল এলো। কর্নার থেকে বল পান বদলি ফরোয়ার্ড সুফিয়ান রাহিমি। বক্সের ভেতরে দারুণ সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি। শেষ দিকে সব সংশয় দূর করলেন ২০ বছর বয়সী গেসিমে ইয়াসিন। রাহিমির কাটব্যাক থেকে বক্সের ভেতরে একেবারে ফাঁকায় পেলেন বল, সহজেই জালে জড়ালেন। তবে উদযাপনের আগেই থামতে হলো। রেফারি ভিএআর চেক করলেন। পাসের সময় বল লাইন পেরিয়েছিল কিনা দেখে গোলকে স্বীকৃত দেন। জাতীয় দলের জার্সিতে প্রথম গোলের উদযাপনে মাতেন ইয়াসিন।
তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ 'সি'-তে রানার্সআপ মরক্কো। একই সময়ে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে নকআউটে উঠেছে ব্রাজিল। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে স্কটল্যান্ড।
দুইবার পিছিয়ে পড়েও হাইতিকে হারালো মরক্কো
খেলা
৩ ঘন্টা আগে
২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬, ৬ঃ৪৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
