পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে ভুয়া ভোটার, অনুপ্রবেশ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কঠোর সমালোচনা করেছেন তিনি। কর্মসংস্থানের পরিস্থিতি নিয়েও খোঁচা দিয়েছেন রাজ্য সরকারকে। একই সঙ্গে ধর্মীয় শরণার্থীদেরও নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে আশ্বস্ত করে বার্তা দিয়েছেন মোদি।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয়নি। আগামী এপ্রিল-মে মাসে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এখনও ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে।
তবে ফেব্রুয়ারির শুরু থেকে রাজ্যে ‘গৃহ সম্পর্ক অভিযান’ শুরু করেছে বিজেপি। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচারাভিযান চালাচ্ছে। বিজেপি সূত্রে খবর, ওই কর্মসূচির অংশ হিসেবে বাংলা ও হিন্দিতে প্রধানমন্ত্রীর লেখা খোলাচিঠি তুলে দেয়া হচ্ছে রাজ্যের সাধারণ ভোটারদের হাতে।
আসন্ন বিধানসভা নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে মোদি লিখেছেন, আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে, তার গুরুদায়িত্ব নির্ভর করছে আপনার একটি সুচিন্তিত সিদ্ধান্তের উপর। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও সেখানে তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, স্বাধীনতার পর থেকে একটি দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গই ছিল দেশের অর্থনীতি এবং শিল্পে অগ্রণী ভূমিকায়। কিন্তু এখন ‘অপশাসন’ এবং ‘তোষণমূলক’ রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে রাজ্যবাসীকে মনে করিয়ে দিয়েছেন তিনি ।
ঐক্যের আহ্বান জানিয়ে তিনি ভোটারদের অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নত জীবিকা নিশ্চিত করার জন্য পরিবর্তনকে সমর্থন করার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, পশ্চিমবঙ্গের নাগরিকরা দেশের অন্যান্য অংশের মতো একই উন্নয়নের শরিক হওয়ার যোগ্য।
