নকআউটের টিকিট কি আজই পাচ্ছেন মেসিরা?

নকআউটের টিকিট কি আজই পাচ্ছেন মেসিরা?

ফন্ট সাইজ:

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নিয়ে একটা ভয় সবসময় কাজ করেÑ যদি পা হড়কায়? তবে আর্জেন্টিনা দলে তো আছেন এক ম্যাজিশিয়ান! বল পায়ে নিত্য নতুন ভেল্কি দেখানো যার কাজ। লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে হারিয়ে এবার নকআউট পর্বে চোখ আর্জেন্টিনার। আজ রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে লিওনেল স্কালোনির দল মুখোমুখি হবে অস্ট্রিয়ার। জিতলেই শেষ ৩২ নিশ্চিত। সঙ্গে জর্ডান-আলজেরিয়া ম্যাচটা ড্র হয়ে গেলে ‘জে’ গ্রুপের শীর্ষ স্থানটাও পোক্ত করে ফেলবে আলবিসেলেস্তেরা। অস্ট্রিয়ার সামনেও সমান সুযোগ। রাল্ফ রাংনিকের শিষ্যরা তাই ছেড়ে কথা বলবে না মেসিদের। জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পরই অস্ট্রিয়া কোচ রাংনিক বলেন, ‘আমাদের শুরুটা ভালো হলো। আগামীকাল থেকে আর্জেন্টিনার জন্য প্রস্তুতি শুরু করবো।

আজ আমরা দেখেছি, আর্জেন্টিনা দলটি কতটা কোয়ালিটিসম্পন্ন। তারা ক্লাসিক-পজেশন ভিত্তিক দল।’
বিশ্বকাপে কখনো অস্ট্রিয়ার মুখোমুখি হয়নি আর্জেন্টিনা। দু’দল খেলেছেই মোটে দুই ম্যাচ। ১৯৮০ সালে প্রীতি ম্যাচে প্রথম দেখায় আর্জেন্টিনা জেতে ৫-১ গোলে। দশ বছর পর ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। ২০২২ বিশ্বকাপের পর আইসল্যান্ড ছাড়া আর কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলেনিই আর্জেন্টিনা। ফলে অস্ট্রিয়ার বিপক্ষে স্কালোনির কৌশল কী হবে, তা নিয়ে আগ্রহের শেষ নেই ভক্ত-সমর্থকদের। আলজেরিয়ার বিপক্ষে ক্লাসিক-পজেশন ভিত্তিক ফুটবল খেলেছিল আর্জেন্টিনা। ফুটবল বিশ্লেষকদের মতে, অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ট্যাকটিকস কিছুটা সরাসরি ও ট্রানজিশন নির্ভর হতে পারে। গেগেন-প্রেসিং নির্ভর অস্ট্রিয়ার বিপক্ষে ছক নিশ্চিতভাবেই পাল্টাবেন স্কালোনি। বল হারানোর পর দ্রুতই প্রেস করতে থাকে অস্ট্রিয়া। এতে প্রতিপক্ষের ভুল করার সম্ভাবনা বেড়ে যায়। তবে হাইপ্রেসিংয়ের ফলে তৈরি হওয়া ফাঁকা জায়গাগুলো অস্ট্রিয়ার বড় দুর্বলতা। সেগুলো কাজে লাগাতে মেসি-আলভারেজদের মতো অস্ত্র তো আর্জেন্টিনার ভাণ্ডারে রয়েছেই।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা পাচ্ছে না রক্ষণভাগের নির্ভরযোগ্য খেলোয়াড় গঞ্জালো মন্তিয়েলকে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, ইনজুরির কারণে মন্তিয়েল ছিটকে যাওয়ায় শুরুর একাদশে নামবেন নাহুয়েল মলিনা। নিকোলাস তালিয়াফিকোরও বদলি নামার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার মূল দলের ট্রেনিংয়ে ফিরেছেন তালিয়াফিকো।

মেসিকে থামাতে অস্ট্রিয়ার ছক
সময়ের সঙ্গে নিজের খেলার ধরন পাল্টেছেন মেসি। একসময় তেড়েফুঁড়ে খেললেও এখন শান্তভাবে পুরো মাঠে বিচরণ করেন। মেসি হাঁটেন। কিন্তু গুপ্ত ঘাতকের মতো। তার মতিগতি বুঝা বেশ কঠিন। আর আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকে প্রতিপক্ষের ঘুম হারামই করে দিয়েছেন মেসি। অস্ট্রিয়ার প্রস্তুতিও ঘুরপাক খাচ্ছে তাকে ঘিরেই। দলের সহকারী কোচ স্টেফান ওয়েসেন মনে করেন, ম্যান মার্কিং দিয়ে মেসিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে রাখা প্রায় অসম্ভব। তাই একজনের কাঁধে দায়িত্ব না চাপিয়ে সমষ্টিগতভাবে মেসির প্রভাব কমানোর কৌশল বেছে নিয়েছেন তারা। রেড জোনে (পোস্ট থেকে ২৫ মিটার দূরে) মেসিকে যতটা সম্ভব কম সুযোগ দিতে চায় অস্ট্রিয়া। স্বদেশি সংবাদমাধ্যম কুরিয়েরকে ওয়েসেন বলেন, ‘মেসি যদি ওই এলাকায় ফ্রি পায়ে বল পায়, তাহলে সেটা প্রায় পেনাল্টির মতো।’

‘জে’ গ্রুপের সমীকরণ
অস্ট্রিয়াকে হারালেই শেষ ৩২ নিশ্চিত আর্জেন্টিনার। একই দিন আলজেরিয়া-জর্ডান ম্যাচ ড্র হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত মেসিদের।
আর্জেন্টিনার বিপক্ষে জয়ে পরের রাউন্ডের টিকিট কাটবে অস্ট্রিয়াও। সঙ্গে আলজেরিয়া-জর্ডান ম্যাচ ড্র হলে গ্রুপের সেরা দল হিসেবে তারা যাবে নকআউটে।
জর্ডানের কাছে আলজেরিয়ার হার এবং অস্ট্রিয়ার জয় কিংবা ড্রয়ে কপাল পুড়বে আলেজেরিয়ার।

জর্ডানের জন্যও একই সমীকরণ। আলজেরিয়ার কাছে হার এবং অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় কিংবা ড্রয়ে ছিটকে যাবে দলটি।
নকআউট রাউন্ডে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ। আবার ‘জে’ গ্রুপের রানার্সআপদের খেলতে হবে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে। যেখানে স্পেন, উরুগুয়ের সঙ্গে রয়েছে সৌদি আরব ও উরুগুয়ে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন