পেলের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল, সৌদির জালে চার গোল স্পেনের

পেলের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল, সৌদির জালে চার গোল স্পেনের

ফন্ট সাইজ:

চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না লামিনে ইয়ামাল। বদলি হিসেবে নেমেও সুবিধা করতে পারেননি। স্পেনও পায়নি গোলের দেখা। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার বীরত্বে গোলশূন্য ড্র হয় ওই ম্যাচটা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গোল না পাওয়ার হতাশা আজ যেন সুদে-আসলে মিটিয়েছে স্পেন। সৌদি আরবকে পেয়ে গোলের মালা পরিয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। গোলের দেখা পেয়েছেন লামিনে ইয়ামাল। যে গোলে ভাগ বসিয়েছেন রেকর্ড বুকে। গোল করে ইয়ামাল ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি পেলেকে। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে জোড়া গোল করেছেন মিকেল ওয়াইরসাবাল। ৪-০ গোলের বাকিটা হয়েছে আত্মঘাতী।

এদিন ম্যাচের প্রথমার্ধের ২৪ মিনিটে ৩ গোল আদায় করে নেয় ইউরোপীয় চ্যাম্পিয়নরা। গোলের শুরুটা করেন লামিনে ইয়ামাল। বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম শুরুটা রাঙাতে মাত্র ১০ মিনিট সময় নেন বার্সেলোনা তারকা। এই গোলের মাধ্যমে রেকর্ড বুকেও নামলেখান এই স্প্যানিশ। বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সি খেলোয়াড় হিসেবে ম্যাচের প্রথম গোল করার কীর্তি ছিল এত দিন মাত্র একজনের। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে ডেডলক ভেঙেছিলেন মহানায়ক পেলে। দীর্ঘ ৬৮ বছর পর পেলের সেই অনন্য রেকর্ডে ভাগ বসালেন ১৮ বছর বয়সি ইয়ামাল। ইয়ামালের পরেই প্রথমার্ধে জোড়া গোল করেন ওয়াইরসাবাল। ম্যাচের ২১তম মিনিটে মাঠের এক প্রান্ত থেকে উড়ে আসা এক কোনাকুনি ক্রস দারুণ দক্ষতায় বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন মার্ক কুকুরেয়া। সেখান থেকে দানি ওলমো মাথা ছুঁইয়ে বল বাড়িয়ে দেন সামনে। আর বল পেয়েই নিখুঁত শটে জালে জড়াতে একদম ভুল করেননি মিকেল ওয়াইরসাবাল। অল্প সময়ের ব্যবধানে এটি ওয়াইরসাবালের দ্বিতীয় গোল! সৌদি আরব কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের ২৪তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের মুঠোয় নিয়েনেয় স্পেন। মাত্র ২৪ মিনিটের মধ্যে তিন বা বেশি গোল বিশ্বকাপে হয়েছিল মাত্র তিনবার। ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিলের জার্মানির কাছে ৭-১ গোলে হারা ম্যাচে ২৪ মিনিটের মধ্যে চার গোল হজম করে স্বাগতিকরা। এর আগে ২০০২ বিশ্বকাপে সৌদি আরবের জালে ২০, ২৫ ও ৪০ মিনিটে গোল করে জার্মানি। আর ১৯৮২ সালে এল সালভাদরের জালে ২৩ মিনিটের মধ্যে তিন গোল করে হাঙ্গেরি। যার কল্যাণে ২৪ মিনিটে তিন গোল করলো সেই ওয়াইরসাবাল কেপ ভার্দের বিপক্ষে প্রথম ৩০ মিনিট বলেই স্পর্শ করতে পারেননি। ১৯৬৬ সালে রেকর্ড রাখা শুরু করার পর প্রথম খেলোয়াড় হিসেবে এমন বিব্রতকর রেকর্ড গড়েন তিনি। সেই ওয়াইরসাবাল গতকাল ৩৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু বক্সের বাঁ পাশ থেকে নেওয়া তার শটে বল বারে ফেরায় নিজের তৃতীয় গোলটা পাওয়া হয়নি। প্রথমার্ধেই ৩Ñ০ গোলে এগিয়ে যাওয়া স্পেন দ্বিতীয়ার্ধের শুরুতেও গোল পায়। এবার অবশ্য নিজেদের জালেই বল জড়িয়েছে সৌদি আরব। ৪৯ মিনিটে মার্ক কুকুরেয়ার ভলি সৌদি গোলরক্ষক ফিরিয়ে দিলেও হাসান আল তামবাকতির শরীরে লেগে ঢুকে যায় জালে। ৪৯ মিনিটে চার গোল দেখে সৌদি সমর্থকদের মনে পুরোনো এক দুঃস্বপ্ন উঁকি দিচ্ছিলো। ২০০২ বিশ্বকাপে জার্মানির কাছে ৮-০ গোলে বিধ্বস্ত হওয়ার স্মৃতি। তবে আটলান্টায় স্প্যানিশরা আর ওই লজ্জায় ডুবায়নি সৌদিদের। এ জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপ থেকে নকআউট পর্ব অনেকটা নিশ্চিত স্পেনের। তবে হারের পরেও প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র করা এশিয়ার জায়ান্ট সৌদি আরবের আশাও টিকে আছে। শেষ ম্যাচে কেপ ভার্দেকে হারাতে পারলেও তাদেরও সম্ভাবনা থাকবে নকআউট পর্বের। সেক্ষেত্রে স্পেনের কাছে হারতে হবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটিকে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন