বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে দারুণ সূচনা করা লিওনেল স্কালোনির আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচের আগে শুরু করেছে নতুন হিসাবনিকাশ। অনুশীলনে চলছে একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা। এই ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্নÑ আক্রমণভাগে শুরু করবেন কে, লাওতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ?
কানসাসে অনুশীলনে ফিরেছে আর্জেন্টিনা দল। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারানোর আত্মবিশ্বাস থাকলেও অস্ট্রিয়ার বিপক্ষে স্কালোনি কোনো ঝুঁকি নিতে চাইছেন না। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা জানে, গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। স্কালোনির বার্তা পরিষ্কারÑ আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। তার মতে, বিশ্বকাপে যে কোনো দল যে কোনো সময় চমক দেখাতে পারে। অস্ট্রিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশের বিষয়ে সবচেয়ে বড় আলোচনা হচ্ছে আর্জেন্টিনার আক্রমণভাগ নিয়ে। আলজেরিয়ার বিপক্ষে লওতারো মার্টিনেজ শুরু করেছিলেন; কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমে হুলিয়ান আলভারেজও নিজের উপস্থিতি জানান দেন। মজার বিষয় হলো, ২০২২ কাতার বিশ্বকাপেও একই পরিস্থিতি দেখা গিয়েছিল। শুরুতে লাওতারো ছিলেন স্কালোনির প্রথম পছন্দ, পরে আলভারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে দলে জায়গা পাকা করেন। এবারও কোচকে বেছে নিতে হবে দুই ভিন্ন ধরনের স্ট্রাইকারের মধ্যে- লাওতারোর শারীরিক শক্তি ও পজিশনিং, নাকি আলভারেজের গতি ও প্রেসিং। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে রক্ষণেও হতে পারে পরিবর্তন। রাইট-ব্যাক পজিশনে গনজালো মন্টিয়েল ও নাহুয়েল মোলিনার মধ্যে লড়াই চলছিল।
এরমধ্যে মন্টিয়েল আজকের ম্যাচ খেলতে না পারলেও নিকোলাস তালিয়াফিকো ফেরায় চিন্তামুক্ত হচ্ছে আর্জেন্টিনা শিবির। মিডফিল্ডে অবশ্য অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও রদ্রিগো ডি পলের ত্রয়ীকে ধরে রাখার সম্ভাবনাই বেশি। আলজেরিয়ার বিপক্ষে দারুণ শুরু আর্জেন্টিনাকে আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু অস্ট্রিয়াও প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে। ফলে গ্রুপ জে-র এই লড়াই হতে যাচ্ছে দুই জয়ী দলের মুখোমুখি পরীক্ষা। স্কালোনির সামনে এখন মূল চ্যালেঞ্জ- মেসির নেতৃত্ব, তরুণদের গতি আর অভিজ্ঞদের স্থিরতা- এই তিনটি শক্তিকে একসঙ্গে কাজে লাগানো।
