নিজের ভাস্কর্য চান কুরাসাওয়ের প্রথম পয়েন্টের নায়ক

নিজের ভাস্কর্য চান কুরাসাওয়ের প্রথম পয়েন্টের নায়ক

ফন্ট সাইজ:

বিশ্বকাপে জায়গা করে নিয়েই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছিল কুরাসাও। এবার মাঠের ফুটবলে দাপট দেখিয়ে ইতিহাস গড়লো দেড় লাখ জনসংখ্যার ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি। নিজেদের প্রথম বিশ্বকাপেই পয়েন্ট পেলো কুরাসাও। আর এই ইতিহাসের কারিগর গ্লাভস হাতে ইকুয়েডরের বিপক্ষে দেয়াল হয়ে থাকা এলয় রুম। রেকর্ড ১৫টি সেভ দেন ৩৭ বছর বয়সী এ ফুটবলার। এটি বিশ্বকাপ ইতিহাসে ৯০ মিনিটের ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ সেভের রেকর্ড। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে আমেরিকার গোলকিপার টিম হাওয়ার্ডও ১৫টি সেভ করেছিলেন। যদিও সেই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। মূলত রুমের বীরত্বে কানসাস সিটিতে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে কুরাসাও।

ম্যাচ শেষে আবেগাপ্লুত রুম বলেন, ‘আমরা কোথায় থেকে উঠে এসেছি, সেটি চিন্তা করলে এই অর্জন অবিশ্বাস্য মনে হয়। আমরা দেখিয়েছি, কঠিন পরিস্থিতিতেও লড়াই করার সামর্থ্য আমাদের আছে। আমাকে অনেক সেভ করতে হয়েছে। পরে শুনেছি এটি দীর্ঘদিনের একটি রেকর্ড। এমন একটি অর্জনের অংশ হতে পেরে আমি গর্বিত। গোল করার সুযোগও ছিল। তাই কিছুটা আফসোস আছে। তবে এই ফল আমাদের কাছে জয়ের মতোই। ৪০ বছর পরও আমি এই ম্যাচের কথা মনে রাখবো। এটি আমার জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে। আমার মনে হয়, এখন কুরাসাওয়ে আমার একটা মূর্তি হওয়া উচিত।’ নেদারল্যান্ডসে জন্ম নেয়া রুমের কুরাসাওয়ের জার্সি গায়ে তোলার গল্পটাও কম নাটকীয় নয়। ২০১৪-১৫ মৌসুমে নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলে খেলার সুযোগ পেলেও সিনিয়র দলে ডাক পাননি তিনি। হটাৎ কুরাসাওয়ের তৎকালীন কোচ, ডাচ কিংবদন্তি প্যাট্রিক ক্লুইভার্ট ফোন করে তাকে দলে যোগ দেয়ার আমন্ত্রণ জানান। সেই একটি ফোনকলই বদলে দেয় কুরাসাও ফুটবলের গতিপথ। রুমের পথ ধরে পরবর্তীতে আরও অনেক ডাচ বংশোদ্ভূত ফুটবলার কুরাসাওয়ের হয়ে খেলতে আসেন।

চলতি বিশ্বকাপের ২৬ সদস্যের দলেই আছেন ২৫ জন ডাচ বংশোদ্ভূত খেলোয়াড়। যার সূত্রপাত হয় রুমের হাত ধরেই। রুমের আন্তর্জাতিক ক্যারিয়ারে আছে আরেকটি বিশেষ মুহূর্ত। তিন বছর আগে কুরাসাওয়ের বিপক্ষেই হ্যাটট্রিক করে আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন লিওনেল মেসি। সেদিন কুরাসাওয়ের গোলবারের নিচে ছিলেন রুম। ম্যাচ শেষে মেসি নিজে এগিয়ে এসে জার্সি বদলের প্রস্তাব দেন এবং রুমের কয়েকটি দুর্দান্ত সেভের প্রশংসা করেন। ইকুয়েডরের বিপক্ষে খেলার আগে বিশ্ব ফুটবলে তেমন পরিচিত মুখ ছিলেন না রুম। বাছাইপর্বের শেষ দিকে তার কোনো ক্লাবও ছিল না। ডাচ ক্লাব ভিটেসের আর্থিক সংকট আর বেলজিয়ামের সের্কল ব্রুজে স্বল্প সময় কাটানোর পর কার্যত বেকার হয়ে পড়েন তিনি। তবু থেমে থাকেননি। ব্যক্তিগত প্রশিক্ষক ও আলাদা গোলকিপার কোচের অধীনে অনুশীলন চালিয়ে গেছেন, ফিটনেস ধরে রাখতে নিয়মিত খেলেছেন প্যাডেলও। ম্যাচের পর ড্রেসিংরুমের দৃশ্যও ছিল স্মরণীয়। হিউস্টনে নেদারল্যান্ডসের ম্যাচ দেখে সরাসরি কানসাস সিটিতে ছুটে আসেন ডাচ রাজা উইলেম-আলেক্সান্ডার ও রানি ম্যাক্সিমা। উদযাপনের ফাঁকে রুম রসিকতা করে বলেন, কুরাসাওয়ে এবার তার জন্য একটি ভাস্কর্য প্রাপ্য। ম্যাচের আগে রুমের ইনস্টাগ্রাম অনুসারী ছিল মাত্র ১ লাখ। ম্যাচ শেষে তা ছাড়িয়ে যায় ৮ লাখ।

মাত্র দেড় লাখ জনসংখ্যার কুরাসাও ২০১১ সালে ফিফার সদস্যপদ পায়। এবারই প্রথম বিশ্বকাপে জায়গা করে নিল দলটি। এর আগে আরেক দ্বীপরাষ্ট্র কেপ ভের্দেও স্পেনের বিপক্ষে ড্র করে নিজেদের প্রথম পয়েন্ট পেয়েছিল, সেখানেও নায়ক ছিলেন একজন গোলরক্ষক। এই ড্র’য়ের সুবাদে গ্রুপ পর্বের সমীকরণেও এসেছে পরিবর্তন। গ্রুপ ‘ই’ তে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে জার্মাানি। এক যুগ পর নকআউট নিশ্চিত করেছে চার বারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় স্থানে আইভরি কোস্ট। আর তৃতীয় স্থানে থেকে শেষ বত্রিশে যাওয়ার স্বপ্ন দেখছে কুরাসাও।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন