আর্জেন্টিনা দল একটা পরিবার

আর্জেন্টিনা দল একটা পরিবার

ফন্ট সাইজ:

আজ জিতলেই নকআউট পর্ব নিশ্চিত আর্জেন্টিনার। আর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা লেফট-ব্যাক মোহাম্মদ ওয়ালী ফয়সালের চোখে এবারের মেসিদের দলটা অনেক বেশি গোছানো। তিনি বলেন, ‘আর্জেন্টিনা দলটা এখন একটা পরিবারের মতো। লিওনেল মেসি যতদিন আছেন, তারা একটি পরিবারের মতোই একতাবদ্ধ হয়ে খেলবে। দলের সবাই মেসিকে এত বেশি শ্রদ্ধা করে যে, গত বিশ্বকাপে তারা যেভাবে পারফর্ম করেছে, এবারও তাদের শুরুটা ঠিক সেই ছন্দেই হয়েছে।’

অন্যদিকে দুই যুগের বেশি সময় পর বিশ্বকাপ খেলতে এলেও নকআউট পর্বে পা রাখার লড়াইয়ে জর্ডানকে ৩-১ গোলে হারানো অস্ট্রিয়াকে খাটো করে দেখছেন না ফুটবল-সংশ্লিষ্টরা। যদিও অতীতে ২ বারের দেখায় ১ বার জিতেছে আর্জেন্টিনা এবং অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। তবে বিশ্বমঞ্চে এটাই তাদের প্রথম লড়াই। ফয়সাল বলেন, ‘মেসি যদি কোনো কারণে ইনজুরিতে না পড়েন, তবে এবারও গত বিশ্বকাপের মতো শেষ পর্যন্ত দারুণ কিছু করার সম্ভাবনা অনেক বেশি। লিওনেল মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনা প্রথম ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে এবং তারা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে খেলতে নামবে।’ আর্জেন্টিনা শিবিরে কিছুটা ইনজুরির ধাক্কা রয়েছে। রাইট-ব্যাক গঞ্জালো মন্তিয়েল ছিটকে গেলেও সুস্থ হয়ে উঠছেন নিকোলাস তালিয়াফিকো। ইনজুরিতে পুরো টুর্নামেন্ট মিস করছেন লিওনার্দো বালের্দি। তবে নাহুয়েল মোলিনা ও ফাকুন্দো মেদিনারা ব্যাকআপ হিসেবে প্রস্তুত। ফয়সাল মনে করেন, ইনজুরি বড় কোনো সমস্যা নয়। তিনি বলেন, ‘মেসির ক্ষেত্রে বলবো, মেসির বিকল্প আসলে কেউ নেই। কিন্তু অন্য খেলোয়াড়দের বিকল্প অবশ্যই আছে। কারণ প্রতিটা খেলোয়াড় মেসির জন্য মাঠে জানপ্রাণ দিয়ে এবং মন উজাড় করে খেলে। দলের মূল আত্মবিশ্বাসই হলেন মেসি। মেসি মাঠে থাকা মানেই দল ৬০-৭০% নিশ্চিত থাকে যে যেকোনো মুহূর্তে ম্যাচটি তারা নিজেদের পক্ষে নিয়ে আসতে পারবে।’

ইউরোপীয় লীগে খেলা বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার কনরাড লাইমারের অস্ট্রিয়াকে নিয়ে কথা বলতে গিয়ে রক্ষণাত্মক কৌশল বেছে নেওয়ার ইঙ্গিত দেন ফয়সাল। সাবেক এই ডিফেন্ডার বলেন, ‘অস্ট্রিয়া সাধারণত চাইবে গোল হজম না করতে। তাদের কোচ যদি সেই পরিকল্পনা করেন, তবে তারা রক্ষণাত্মক ভূমিকায় খেলতে পারে। কারণ আর্জেন্টিনার সঙ্গে সমান তালে আক্রমণাত্মক খেলতে গেলে তারা টিকতে পারবে না, ওরাও জানে। আর্জেন্টিনা এখন বিশ্বসেরা দলগুলোর একটি। অভিজ্ঞতার দিক থেকে আর্জেন্টিনা সবসময়ই অস্ট্রিয়ার চেয়ে এগিয়ে। অস্ট্রিয়া রক্ষণাত্মক খেললে হয়তো গোল কম হজম করবে এবং আর্জেন্টিনা জিতবে বলেই আমার বিশ্বাস।’ আলবিসেলেস্তাদের আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ এবং মাঝমাঠে এনজো ফার্নান্দেজদের ফর্ম নিয়ে বেশ আত্মবিশ্বাসী ফয়সাল।

তবে অস্ট্রিয়ার জমাট ডিফেন্স ভাঙা কঠিন হবে মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘প্রতিপক্ষ যখন অতিরিক্ত রক্ষণাত্মক খেলে, তখন গোল করা কঠিন হয়ে পড়ে। যেমন স্পেনের ম্যাচে আমরা দেখেছি, তারা অনেক সুযোগ নষ্ট করেছে এবং প্রতিপক্ষের গোলকিপার দেয়ালের মতো দাঁড়িয়ে গিয়েছিল। তবে আর্জেন্টিনার ক্ষেত্রে ড্র করার সুযোগ কম; তারা হয় জিতবে না হয় হারবে।’ ফয়সাল বলেন ‘মেসির দল অবশ্যই চাইবে দ্বিতীয় ম্যাচেই সেকেন্ড রাউন্ড নিশ্চিত করে ফেলতে, যাতে করে তৃতীয় ম্যাচে অন্য খেলোয়াড়দের সুযোগ দেয়া যায়।’

বিশ্বকাপের ফেভারিট দল হিসেবে জার্মানি, ফ্রান্স বা ইংল্যান্ডের কথাও উঠে আসে আলোচনায়। তবে বড় আসরে ভাগ্য যে বড় নিয়ামক, তা মনে করিয়ে দিলেন ফয়সাল। তিনি বলেন, ‘বিশ্বকাপে ভাগ্য বা ফেভার একটা বড় বিষয়। গতবার যেমন শুরু থেকেই আর্জেন্টিনা এক ধরনের ভাগ্য বা ফেভার পেয়েছে, পেনাল্টি পেয়েছে। ফাইনালে ফ্রান্সের ওই শেষ শটটি যদি আর্জেন্টিনার গোলকিপার সেভ করতে না পারতেন, তবে তো ফ্রান্সই জিতে যেতো। তাই ভাগ্য যাকে সহায় করবে, সে-ই চ্যাম্পিয়ন হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন