স্কুলে এআই ব্যবহার কার্যত নিষিদ্ধ করছে নরওয়ে

স্কুলে এআই ব্যবহার কার্যত নিষিদ্ধ করছে নরওয়ে

ফন্ট সাইজ:

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারে কার্যত নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে। একই সঙ্গে বড় শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রেও এআই ব্যবহারে কড়াকড়ি সীমাবদ্ধতা আনা হচ্ছে, যাতে শিক্ষার মৌলিক প্রক্রিয়ায় কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।

শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলে ধারাবাহিক অবনতির প্রেক্ষাপটে ২০২৪ সালে স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করেছিল নরওয়ে সরকার। পাশাপাশি শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষকদের ক্ষমতাও বাড়ানো হয়।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরে বলেন, এআই ব্যবহারের কারণে ছোট শিশুদের জন্য শিক্ষার মৌলিক ধাপগুলো এড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

তিনি বলেন, স্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সন্তানরা যেন পড়তে, লিখতে এবং গণিত শিখতে পারে। তিনি জানান, নতুন নীতিমালা আগামী শিক্ষাবর্ষ শুরুর সঙ্গে সঙ্গে, অর্থাৎ আগস্টের শেষ দিক থেকে কার্যকর হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম থেকে সপ্তম শ্রেণি (৬ থেকে ১৩ বছর বয়সী) পর্যন্ত শিক্ষার্থীরা সাধারণভাবে এআই ব্যবহার করতে পারবে না। নিম্ন মাধ্যমিক পর্যায়ে (১৪ থেকে ১৬ বছর বয়সী) শিক্ষার্থীরা শিক্ষকদের তত্ত্বাবধানে সীমিত ও নিয়ন্ত্রিতভাবে এআই টুল ব্যবহার করতে পারবে।

অন্যদিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে (১৭ থেকে ১৯ বছর বয়সী) শিক্ষার্থীদের এআই ব্যবহারের দক্ষতা শেখানো হবে, যাতে তারা উচ্চশিক্ষা ও কর্মজীবনের জন্য প্রস্তুত হতে পারে।

নরওয়ে ১৯৯০-এর দশক থেকে শ্রেণিকক্ষে কম্পিউটার ব্যবহার শুরু করে। পরে ২০১০ সালের পর আইপ্যাড ও ট্যাবলেট ব্যবহারের প্রসার ঘটে, যার ফলে বই ও হাতে লেখার ওপর নির্ভরতা কিছুটা কমে যায়।

তবে সরকার জানিয়েছে, শ্রেণিকক্ষে বইয়ের ব্যবহার বাড়াতে তারা নতুন অর্থায়ন পরিকল্পনা গ্রহণ করবে, যাতে ডিজিটাল-নির্ভরতা কমে আবারও পাঠ্যবইকেন্দ্রিক শিক্ষার দিকে ফিরে যাওয়া যায়।

এ ছাড়া চলতি বছরের এপ্রিলে নরওয়ে সরকার ঘোষণা দিয়েছিল, ১৬ বছর বয়সের আগে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনাও রয়েছে। তরুণদের ডিভাইস ব্যবহারে নিয়ন্ত্রণ আনার এই উদ্যোগ অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন