ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টাও পেরোনোর আগেই দক্ষিণ লেবাননে মুহুর্মুহু বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে, ইসরাইলি যুদ্ধবিমান, ড্রোন এবং কামানের আঘাতে অন্তত ১১ জন নিহত হয়েছে। ইসরাইল এদিন লেবাননের এক ডজনেরও বেশি এলাকা লক্ষ্য করে হামলা চালায়, যার বেশিরভাগই নাবাতিহ শহরের কাছাকাছি।
ইসরাইলি বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহ ৫০টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তারা হিজবুল্লাহর আস্তানায় পাল্টা হামলা চালিয়েছে।
বিবিসি বলছে, ওয়াশিংটন লেবাননে ইসরাইলি বাহিনী চলমান অভিযানের সমালোচনা করেছে। গত মার্চ মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরাইলে রকেট হামলা চালালে লেবানন কার্যত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে।
এদিকে ওয়াশিংটন আরও আশঙ্কা প্রকাশ করেছে যে, লেবানন ও ইসরাইলের মধ্যে উত্তেজনা চলতে থাকলে তা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তিকে বাধাগ্রস্ত করতে পারে।
অন্তর্বর্তী ওই চুক্তিতে লেবাননসহ ‘সব ফ্রন্টে’ যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি রয়েছে। ইরানও জোর দিয়ে বলেছে, যুদ্ধ অবসানের যেকোনো বৃহত্তর চুক্তিতে অবশ্যই লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে। এ ছাড়া লেবানন থেকে ইসরাইলি সেনাদেরও প্রত্যাহার চায় তেহরান।
অন্যদিকে ইসরাইল জানিয়েছে, তারা লেবাননে তাদের নিয়ন্ত্রিত এলাকা ছাড়বে না এবং হিজবুল্লাহ হামলা চালালে তাদের অভিযান অব্যাহত থাকবে।
