চলমান বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মেক্সিকোর রোমাঞ্চকর জয়ের দিনে গ্যালারিতে ঝড় তুললেন এক মেক্সিকান সুন্দরী। গ্যালারিতে তার ‘সাহসী’ এবং আকর্ষণীয় ঐতিহ্যবাহী পোশাক সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেয় মেক্সিকো। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন লুইস রোমো। তবে মাঠের সেই টানটান উত্তেজনার মাঝেও গ্যালারিতে আলাদাভাবে ক্যামেরার নজর কেড়ে নেন ফ্রাইডে ফ্রিডা নামের এক মেক্সিকান তরুণী। এ খবর দিয়েছে দ্য সান।
গুয়াদালাজারা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের নজর কাড়ার পাশাপাশি ম্যাচ চলাকালীন টিভি ক্যামেরার লেন্সও বারবার ঘুরে যায় তার দিকে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের বেশ কিছু ছবি শেয়ার করেন ফ্রিডা। সেখানে মেক্সিকোর ঐতিহ্যবাহী ছোঁয়া থাকা এক সংক্ষিপ্ত পোশাকে দেখা যায় তাকে। ক্যাপশনে তিনি লেখেন, এই রাতটি ছিল অবিশ্বাস্য উন্মাদনার, যা আজীবন আমার হৃদয়ে থাকবে। একই আবেগে পুরো দেশকে এক হতে দেখার যে আনন্দ, যে উত্তেজনা তা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।
ইনস্টাগ্রামে চার লাখেরও বেশি অনুসারী থাকা এই সুন্দরীর ছবিগুলো পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে যায়। মন্তব্যর ঘরে হুমড়ি খেয়ে পড়েন শত শত অনুসারী। প্রশংসায় ভাসিয়ে এক ভক্ত লিখেন, অনিন্দ্য সুন্দর! আরেকজন মন্তব্য করেন, বরাবরের মতোই তুমি গ্যালারি মাতিয়ে রেখেছ।
