পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ৩০ দিন নয়, তিন দিনের মধ্যেই দুবাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদেরকে পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেনজীর আহমেদকে গ্রেপ্তারের খবর দুবাই থেকে মেইলে জানানোর পর তার ত্রিশ দিনের মধ্যে তারা কাগজপত্র পাঠানোর জন্য বলেছিল। আমরা সেদিনই কাগজপত্র তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়ে দেই। সেখান থেকেই ডিপ্লোম্যাটিক প্রক্রিয়ার মাধ্যমে দুবাইতে পাঠিয়ে দেয়া হয়। আমরা ৩০ দিন নয়, তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় কাগজ পাঠিয়ে দিয়েছি।’
বেনজির আহমেদ সম্পর্কে প্রায় ১৪৪ পৃষ্ঠার কিছু কাগজ সে দেশের ভাষায় ভাষান্তর করা হয় উল্লেখ করে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তবে দুবাই থেকে এর কোনো প্রতি উত্তর আসেনি। ছুটি গেছে, কাল আমরা খোঁজ নেবো।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ‘‘বেনজির আহমেদকে ফেরত পাঠানোর ব্যাপারে তাদেরও আইনি প্রক্রিয়া আছে, তাই সরকার ‘লেগে থাকবে’।’’
‘ইউএন চার্টার অনুযায়ী কিছু কিছু বিষয়ে তাদের সাথে আমাদের স্বাক্ষর রয়েছে। বেশ কিছু বন্দি, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স রিকোয়েস্ট' (এমএলএআর) এর মাধ্যমে তাদের দেশে আমরা পাঠিয়েছি তারাও পাঠিয়েছে।’—উল্লেখ করেন তিনি।

হারুন আল রশিদ
২ ঘন্টা আগেতাকে ফেরানো নিয়ে প্রশ্ন উঠলে সন্দেহ হয় মুরগাটাকে বাঁচিয়ে দিতে কোন মহল কততে রাজি হয়ে দূর্বল অভিযোগ দিয়ে ক'দিন পর 'ফেরানো সম্ভব নয়' নয়তো খালাস ! তার আগে অসৎপথে অর্জিত জব্ধকৃত তার সকল সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হয়েছে- সেটি নিশ্চিত করুক।