আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘দায়িত্ব গ্রহণের পর তিনি ৫ থেকে ৬টি মামলা পুনঃতদন্তের জন্য তদন্ত সংস্থায় ফেরত পাঠিয়েছেন।’ তিনি বলেন, ‘আমি চেষ্টা করছি প্রতিহিংসাপরায়ণ না হয়ে নিরপেক্ষভাবে সব মামলার বিচার সম্পন্ন করতে।’ শনিবার সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বার্ষিক সাধারণ সভা-২০২৬ এ আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার কার্যক্রম শেষ করতে চান না। তবে মামলার সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় বর্তমানে কার্যরত দু’টি ট্রাইব্যুনালের ওপর চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।’
তিনি জানান, বর্তমানে দুটি ট্রাইব্যুনালে প্রায় ৩০টি মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিনই সাক্ষ্যগ্রহণ, জেরা ও অন্যান্য বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মো. আমিনুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম আরও গতিশীল করতে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি, প্রসিকিউশন টিমের সদস্য সংখ্যা বাড়ানো এবং তদন্ত সংস্থার জনবল বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ট্রাইব্যুনালে জমা পড়া কোনো অভিযোগ যাতে প্রতিহিংসামূলক, মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত না হয়, সে বিষয়ে প্রসিকিউশন কঠোর অবস্থানে রয়েছে। প্রতিটি অভিযোগ ও মামলার ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করা হচ্ছে।’
চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে ন্যায়বিচার নিশ্চিত করা। সে জন্য প্রয়োজন হলে অতিরিক্ত সময় নিয়ে হলেও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার সম্পন্ন করতে চাই।’
