নেত্রকোণার মোহনগঞ্জে ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পাল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্ত্রী লিপি রানী পাল। শুক্রবার বেলা ১১টায় মোহনগঞ্জ বণিক সমিতির আয়োজনে পৌরশহরের শহীদ এফ রহমান রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিহত ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পালের পরিবার ও স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী লিপি রানী পাল লিখিত বক্তব্য পেশ করেন। এ সময় মোহনগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মাসুদ মিয়া, সহ-সভাপতি হাজী দুদু মিয়া, গোলাম রব্বানী, অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল চন্দ্র পাল, ব্যবসায়ী নেতা হাবিবুর রহমান দোহা, দীপক বণিক, শ্যামল মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা এ সময় বলেন, দীর্ঘ সময় পার হলেও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়নি। এমনকি কোনো আসামিও গ্রেপ্তার হয়নি। এতে নিহতের পরিবার ও ব্যবসায়ী সমাজের মধ্যে হতাশা ও উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।
বণিক সমিতির নেতারা অভিযোগ করেন, মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে নিহতের পরিবার এখনো বিচারহীনতার শঙ্কায় দিন কাটাচ্ছে। এভাবে চলতে থাকলে খুনিরা মোহনগঞ্জ বাজারে এমন আরও ঘটনা ঘটাতে সাহস পাবে।
আর এ ঘটনার পর থেকেই ব্যবসায়ী সমাজের মধ্যেও চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, মামলাটি থানা-পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়া তদন্ত করছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৬ই অক্টোবর রাতে মোহনগঞ্জ থানা থেকে ১৫০ গজ দূরে বসুন্ধরা মোড় এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পালকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের স্ত্রী লিপি রানী পাল অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
