দীর্ঘ ৯৬ বছর পর ফুটবল বিশ্বকাপে এক নতুন কীর্তি গড়লো মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯৩০ সালের পর এই প্রথম বিশ্বকাপের মঞ্চে টানা দুই ম্যাচে জয় তুলে নিল মার্কিনীরা। আর এই ঐতিহাসিক জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয় নিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই নকআউট পর্ব নিশ্চিত করেছে মরিসিও পচেত্তিনোর দল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা যুক্তরাষ্ট্র প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়। ১১তম মিনিটে ফোলারিন বালোগানের ক্রসে অজি ডিফেন্ডার ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোল করে বসেন। ৪৩তম মিনিটে সার্জিনো দেস্তের শটের ডিফ্লেকশন থেকে অ্যালেক্স ফ্রিম্যানের করা গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। প্রথমে অফসাইডের কারণে বাতিল করা হলেও পরে গোল বহাল থাকে।
দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচটি বেশ শারীরিক ফুটবল এবং ফাউলের ছড়াছড়িতে রূপ নেয়। বদলি খেলোয়াড় ইরানকুনডাকে নিয়ে অস্ট্রেলিয়া কিছু বিপজ্জনক আক্রমণ চালায়। তবে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার ক্রিস রিচার্ডস এবং গোলকিপার ম্যাট ফ্রিজের দৃঢ়তায় তারা কোনো গোল পায়নি।
পুরো ম্যাচে অজিরা ৪০ শতাংশ বল নিজেদের পায়ে রাখে। এবং তাদের আক্রমণগুলোতে ছিল ধারাবাহিকতার স্পষ্ট অভাব। ম্যাচের শেষদিকে মাঠেই কুস্তির লড়াইয়ে মেতে ওঠেন হ্যারি সুটার ও বালোগান, যার ফলে দুজনকে হলুদ কার্ড দেখতে হয়। এমনকি অতিরিক্ত সময়ে মূল রেফারি মাংসপেশির টানে মাঠে পড়ে গেলে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে।
টানা দুই জয়ে গ্রুপ টেবিলের শীর্ষে থাকায় এখন এক অদ্ভুত সমীকরণ ছাড়া যুক্তরাষ্ট্রের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া আটকানো অসম্ভব। ফলে তুরস্কের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে দলের মূল খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার এক বিশাল সুযোগ পাচ্ছেন কোচ পচেত্তিনো। নকআউটের কঠিন লড়াইয়ের আগে তেমন কিছু মার্কিন শিবিরকে অনেকটাই চাঙ্গা রাখবে।
